নগরীতে মাদক সেবনের দায়ে যুবকের এক বছরের কারাদণ্ড
রাজশাহী মহানগরীর রাজপাড়া থানা এলাকায় অভিযান চালিয়ে মাদক সেবনের অপরাধে এক যুবককে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) রাজপাড়া থানা পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতে নিজের অপরাধ স্বীকার করায় তাঁকে এক বছরের সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শুক্রবার (২৭ নভেম্বর) রাজপাড়া থানা পুলিশ অভিযান চালিয়ে ইয়াবা সেবনরত অবস্থায় মো. মেহেদী হাসান (২২) নামের ওই যুবককে গ্রেপ্তার করে। তিনি দাশপুকুর গ্রামের মো. মনিরুল ইসলামের ছেলে।
পরে তাঁকে আদালতে সোপর্দ করা হলে তিনি নিজের অপরাধ স্বীকার করেন। শুনানি শেষে সামারি ট্রায়ালের মাধ্যমে আদালত তাঁকে এক বছরের সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা অর্থদণ্ড দেন।
আরএমপি জানায়, মহানগরীতে মাদক ও অন্যান্য অপরাধ প্রতিরোধে নিয়মিত অভিযান ও আইনানুগ কার্যক্রম অব্যাহত রয়েছে। জননিরাপত্তা নিশ্চিত এবং অপরাধ দমনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলবে।