সীমান্ত পেরিয়ে আসছে অস্ত্রের চালান, বাড়ছে নিরাপত্তা উদ্বেগ
পুরো নেটওয়ার্ক শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে
রাজশাহী অঞ্চলের সীমান্ত দিয়ে অবৈধ অস্ত্রের প্রবেশ ও দেশের বিভিন্ন স্থানে তা ছড়িয়ে পড়ার ঘটনায় নিরাপত্তা উদ্বেগ বাড়ছে। গত ছয় মাসে রাজশাহী অঞ্চলে অন্তত ২৮টি আগ্নেয়াস্ত্র উদ্ধারের তথ্য এবং সাম্প্রতিক সময়ে একের পর এক অস্ত্র উদ্ধারের ঘটনা পরিস্থিতির গুরুত্ব তুলে ধরছে। বিশেষ করে চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহী হয়ে দেশের অন্যান্য জেলায় অস্ত্র পাচারের প্রবণতা নতুন করে ভাবিয়ে তুলছে।
উদ্বেগের বিষয়, অস্ত্র বহনে ব্যবহার করা হচ্ছে যাত্রীবাহী বাস, ব্যক্তিগত যানবাহন এমনকি পরিত্যক্ত মোটরসাইকেলও। পদ্মার চর ও সীমান্তবর্তী নির্জন এলাকাও অস্ত্র লুকিয়ে রাখার নিরাপদ স্থান হিসেবে ব্যবহৃত হচ্ছে বলে ধারণা করা হচ্ছে। অন্যদিকে, রাজশাহী বিমানবন্দরের প্রধান ফটকের কাছে গ্রেনেড উদ্ধারের ঘটনাও নিরাপত্তাব্যবস্থার দুর্বলতা নিয়ে প্রশ্ন তুলেছে। ঘটনার রহস্য উদ্ঘাটন ও জড়িতদের শনাক্ত করতে দীর্ঘসূত্রতা কোনোভাবেই কাম্য নয়।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান ও অস্ত্র উদ্ধারের সাফল্য অবশ্যই প্রশংসনীয়। তবে কেবল অস্ত্র উদ্ধার কিংবা বহনকারীদের গ্রেপ্তার করলেই এই অবৈধ কারবার বন্ধ হবে না। অস্ত্রের উৎস, সরবরাহকারী, অর্থের জোগানদাতা এবং গন্তব্যে গ্রহণকারীদের শনাক্ত করে পুরো চক্রকে আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে উদ্ধার হওয়া অস্ত্রের ব্যালিস্টিক পরীক্ষা করে সেগুলোর প্রকৃত উৎস ও সংশ্লিষ্ট অপরাধের যোগসূত্র অনুসন্ধান জরুরি।
সীমান্তে নজরদারি জোরদার, গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি, আন্তজেলা পুলিশের সমন্বয় এবং মহাসড়কে কার্যকর তল্লাশির ব্যবস্থা করতে হবে। বিজিবি, পুলিশ ও র্যাবের মধ্যে তথ্য আদান-প্রদান আরও গতিশীল হওয়া প্রয়োজন। বিমানবন্দরসহ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তাও নতুন করে পর্যালোচনা করা দরকার।
অবৈধ অস্ত্রের বিস্তার শুধু আইনশৃঙ্খলার সমস্যা নয়, এটি জননিরাপত্তা, সামাজিক স্থিতিশীলতা ও রাষ্ট্রীয় নিরাপত্তার জন্যও বড় হুমকি। এসব অস্ত্র অপরাধী চক্র, সন্ত্রাসী গোষ্ঠী কিংবা স্বার্থান্বেষী মহলের হাতে পৌঁছালে খুন, চাঁদাবাজি, দখলবাজি ও নাশকতাসহ নানা অপরাধের ঝুঁকি বাড়তে পারে। তাই বিচ্ছিন্ন অভিযান চালিয়ে অস্ত্র উদ্ধার কিংবা বাহক গ্রেপ্তারের মধ্যেই দায়িত্ব সীমাবদ্ধ রাখলে চলবে না। অস্ত্রের উৎস থেকে শুরু করে সরবরাহকারী, অর্থের জোগানদাতা, পরিবহনকারী এবং গন্তব্যে গ্রহণকারী—পুরো নেটওয়ার্ক শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে। সীমান্তে নজরদারি বাড়ানোর পাশাপাশি গোয়েন্দা তৎপরতা, আন্তজেলা সমন্বয় ও গুরুত্বপূর্ণ সড়কে তল্লাশি জোরদার করা জরুরি।
একই সঙ্গে বিমানবন্দরসহ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে হবে। মনে রাখতে হবে, অবৈধ অস্ত্রের একটি চালানও বড় ধরনের অপরাধের উপকরণ হয়ে উঠতে পারে। জনমনে নিরাপত্তাহীনতা তৈরি হওয়ার আগেই কার্যকর ও সমন্বিত পদক্ষেপ নিতে হবে। রাজশাহীকে কোনোভাবেই অবৈধ অস্ত্র চোরাচালানের নিরাপদ করিডর বা ট্রানজিট রুট হতে দেওয়া যাবে না। এ ক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর অবস্থান, জবাবদিহি এবং নিয়মিত নজরদারির কোনো বিকল্প নেই।