প্রধানমন্ত্রীর নেতৃত্বে নতুন বাংলাদেশ বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: রাসিক প্রশাসক
জাতীয় দৈনিক রূপালী বাংলাদেশ পত্রিকার দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় দৈনিক উত্তর প্রতিদিন পত্রিকার কনফারেন্স রুমে আয়োজিত অনুষ্ঠানে তিনি কেক কেটে পত্রিকাটির দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান নতুন বাংলাদেশ বিনির্মাণে কাজ করে যাচ্ছেন। প্রধানমন্ত্রীর স্বপ্ন ও পরিকল্পনা বাস্তবায়নে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আমরা সকলে মিলে রাজশাহীকে আরও পরিচ্ছন্ন, সুন্দর, বাসযোগ্য ও নিরাপদ নগরী হিসেবে গড়ে তুলব। একই সঙ্গে রাজশাহীকে মাদক ও সন্ত্রাসমুক্ত মহানগরী হিসেবে প্রতিষ্ঠিত করতে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, সাংবাদিকরা হচ্ছেন সমাজের দর্পণ। সমাজের নানা অসংগতি, সমস্যা ও সম্ভাবনা গণমাধ্যমে তুলে ধরার মাধ্যমে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। আগামীতেও সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে সাংবাদিকরা কাজ করবেন বলে আশা করি।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন দৈনিক রূপালী বাংলাদেশ পত্রিকার রাজশাহী ব্যুরো প্রধান জনাব আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক উত্তরা প্রতিদিন পত্রিকার সম্পাদক এনায়েত করিম, দৈনিক আগামীর সময় পত্রিকার ব্যুরো প্রধান আমজাদ হোসেন শিমুল প্রমুখ। এ সময় রাজশাহী সিটি কর্পোরেশনের জনসংযোগ কর্মকর্তা মোস্তাফিজুর রহমান মিশুসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন দৈনিক উত্তরা প্রতিদিন পত্রিকার প্রধান প্রতিবেদক আবু সাঈদ রনি।