শুক্রবার, নভেম্বর ২৭, ২০২৬

মহাদেবপুরে ৫ হাজার ৭০০ কৃষক পাচ্ছেন সরিষা চাষের প্রণোদনা

মহাদেবপুর প্রতিনিধি ২৬ নভেম্বর ২০২৬ ১০:৫৭ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
মহাদেবপুর প্রতিনিধি ২৬ নভেম্বর ২০২৬ ১০:৫৭ অপরাহ্ন
মহাদেবপুরে ৫ হাজার ৭০০ কৃষক পাচ্ছেন সরিষা চাষের প্রণোদনা

নওগাঁর মহাদেবপুরে চলতি রবি মৌসুমে সরিষার আবাদ ও উৎপাদন বাড়াতে ৫ হাজার ৭০০ কৃষককে প্রণোদনা দিচ্ছে সরকার। উপজেলার ১০টি ইউনিয়নের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের বিনামূল্যে সার ও বীজ সহায়তা দেওয়া হচ্ছে। সরকারি এ উদ্যোগে খুশি কৃষকরা।


বুধবার (২৫ নভেম্বর) বিকেলে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলা অডিটোরিয়ামে প্রণোদনার সার ও বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।


উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রকৌশলী মানজুরা মুশাররফের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হোসাইন মোহাম্মদ এরশাদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুল।


কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, কৃষি মন্ত্রণালয়ের নিয়মিত বাজেটের কৃষি পুনর্বাসন সহায়তা খাত থেকে এ প্রণোদনা দেওয়া হচ্ছে। নির্বাচিত প্রত্যেক কৃষক এক বিঘা জমিতে সরিষা চাষের জন্য এক কেজি উন্নত জাতের সরিষার বীজ এবং ১০ কেজি করে ডিএপি ও এমওপি সার বিনামূল্যে পাবেন।


উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হোসাইন মোহাম্মদ এরশাদ জানান, চলতি মৌসুমে উপজেলায় ৪ হাজার ২৩৫ হেক্টর জমিতে সরিষা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার আশা রয়েছে। দ্রুত সময়ের মধ্যে প্রণোদনা বিতরণ কার্যক্রম শতভাগ সম্পন্ন করা হবে। এ উদ্যোগের ফলে সরিষার আবাদ ও উৎপাদন বাড়বে বলে আশা প্রকাশ করেন তিনি।