শুক্রবার, নভেম্বর ২৭, ২০২৬

গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর নাগরিক সংলাপ অনুষ্ঠিত

সংবাদ বিজ্ঞপ্তি ২৬ নভেম্বর ২০২৬ ১১:০০ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ২৬ নভেম্বর ২০২৬ ১১:০০ অপরাহ্ন
গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর নাগরিক সংলাপ অনুষ্ঠিত

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার দেওপাড়া ইউনিয়ন পরিষদের বিভিন্ন নাগরিক সেবা প্রাপ্তিতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের প্রবেশাধিকার, অংশগ্রহণ ও সম-অধিকার নিশ্চিত করার লক্ষ্যে নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে।


বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দেওপাড়া ইউনিয়ন পরিষদ হলরুমে সিসিবিভিওর আয়োজনে এবং ব্রেড ফর দ্য ওয়ার্ল্ড, জার্মানির সহযোগিতায় এ সংলাপ অনুষ্ঠিত হয়। ‘ক্ষুদ্র নৃগোষ্ঠীর গ্রামভিত্তিক স্থিতিশীল খাদ্য নিরাপত্তা কর্মসূচি’র আওতায় আয়োজিত সংলাপে ইউনিয়নের বিভিন্ন রক্ষাগোলা গ্রাম সমাজ সংগঠনের সদস্যরা অংশ নেন।


সংলাপে উপস্থিত ছিলেন দেওপাড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহানাজ বেগম, ইউপি সদস্য সোহেল রানা, প্রশাসনিক কর্মকর্তা মো. সাইদুর রহমান, রক্ষাগোলা সমন্বয় কমিটির সভাপতি সুধীর সরেন, সদস্য সরল এক্কা ও বাপ্পী মার্ডী, নিমঘুটু রক্ষাগোলা সংগঠনের মোড়ল ধীরেন মুর্মু এবং গ্রাম আদালত প্রকল্পের সমন্বয়কারী আতিউল ইসলাম।


সংলাপের শুরুতে ইউনিয়ন পরিষদের বিভিন্ন নাগরিক সেবা, সেবা প্রাপ্তির নিয়মাবলি এবং নাগরিক অধিকার সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন সিসিবিভিওর ঊর্ধ্বতন কর্মসূচি কর্মকর্তা নিবারুল ইসলাম। পরে ক্ষুদ্র নৃগোষ্ঠীর অংশগ্রহণকারীরা ইউনিয়ন পরিষদের সেবা নিতে গিয়ে তাঁদের অভিজ্ঞতা, সমস্যা, প্রতিবন্ধকতা ও বৈষম্যের বিষয়গুলো তুলে ধরেন।


এ সময় জন্ম ও মৃত্যু নিবন্ধন সেবা নিতে বারবার ইউনিয়ন পরিষদে যাতায়াত, সেবা প্রদানের ক্ষেত্রে বাঙালি জনগোষ্ঠীকে অগ্রাধিকার দেওয়ার অভিযোগ, একই সেবার জন্য ভিন্ন ব্যক্তির কাছ থেকে ভিন্ন পরিমাণ অর্থ দাবি এবং বয়স্ক ভাতার আবেদন করার দুই বছর পার হলেও ভাতা না পাওয়ার মতো বিষয়গুলো আলোচনায় উঠে আসে।


অংশগ্রহণকারীদের উত্থাপিত সমস্যার পরিপ্রেক্ষিতে ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান সংশ্লিষ্ট বিষয়গুলো পর্যালোচনা করে সমাধানের উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন। তাঁরা বলেন, নাগরিক সেবা প্রদানে বিদ্যমান সমস্যাগুলো সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। পাশাপাশি সেবা নিতে গিয়ে কোনো ধরনের হয়রানি, অনিয়ম বা বৈষম্যের শিকার হলে সরাসরি ইউনিয়ন পরিষদ কর্তৃপক্ষকে জানানোর আহ্বান জানান।


সংলাপে বক্তারা স্থানীয় সরকার প্রতিনিধিদের সঙ্গে জনগণের নিয়মিত যোগাযোগ ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেন। তাঁরা বলেন, এ ধরনের সংলাপ নাগরিক অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের জবাবদিহি নিশ্চিত এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের জন্য বৈষম্যহীন ও অন্তর্ভুক্তিমূলক সেবা প্রাপ্তির পরিবেশ তৈরিতে সহায়ক ভূমিকা রাখবে।


সিসিবিভিওর পক্ষে সংলাপে আরও উপস্থিত ছিলেন কর্মসূচি কর্মকর্তা পৌল টুডু, ক্যাথারিনা হাসদা, রঞ্জিত সাঁওরিয়া ও সুচিত্রা হেমব্রম।