নওগাঁয় নারী নির্যাতন প্রতিরোধে র্যালি, চিত্রাঙ্কন ও আলোচনা সভা
‘নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই: ন্যায়বিচার নিশ্চিত করি, ভুক্তভোগীদের সুরক্ষা দিই, দায়মুক্তির অবসান ঘটাই’ প্রতিপাদ্য সামনে রেখে নওগাঁয় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধপক্ষ উপলক্ষে র্যালি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে নওগাঁ সরকারি বিএমসি মহিলা কলেজে এ কর্মসূচির আয়োজন করা হয়। র্যালি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা শেষে কলেজ মিলনায়তনে অধ্যক্ষ মো. সারওয়ার জাহানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আয়েশা সিদ্দিকা। স্বাগত বক্তব্য দেন খান ফাউন্ডেশনের জেলা প্রকল্প কর্মকর্তা মো. নুরুজ্জামান বুলবুল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তর নওগাঁর উপপরিচালক আমেনা খাতুন। আলোচক হিসেবে বক্তব্য দেন কলেজের বাংলা বিভাগের শিক্ষক শুভ্র দেব। এ ছাড়া সদর উপজেলা তথ্য কর্মকর্তা ও কলেজের অন্যান্য শিক্ষক বক্তব্য দেন।
সভায় বক্তারা নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতার কারণ, এর প্রতিকার এবং নির্যাতনের শিকার নারীদের ন্যায়বিচার নিশ্চিত করার বিষয়ে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করেন। তাঁরা বলেন, নারী নির্যাতন প্রতিরোধে তরুণ প্রজন্ম, বিশেষ করে মেয়েদের সচেতন ও দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বক্তারা আরও বলেন, নির্যাতনের শিকার নারীদের ন্যায়বিচার পাওয়ার ক্ষেত্রে সবাইকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। নারী নির্যাতন প্রতিরোধে প্রথমে নিজেকে সচেতন হতে হবে, পাশাপাশি পরিবার ও সমাজের অন্যদেরও সচেতন করতে হবে।
খান ফাউন্ডেশনের বাস্তবায়নে এবং আঞ্চলিক পল্লী উন্নয়ন সংস্থা (আপোস)-এর সহযোগিতায় সুইস এজেন্সি ফর ডেভেলপমেন্ট অ্যান্ড কো-অপারেশন (এসডিসি), গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা ও ইউরোপীয় ইউনিয়নের আর্থিক সহায়তায় জিএফ নাগরিকতার কারিগরি সহযোগিতায় ‘ভয়েসেস ফর চেঞ্জ’ প্রকল্পের আওতায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।