৭ বছর পর ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির কমিটি, একদিকে আনন্দ মিছিল অন্যদিকে বিক্ষোভ
পাবনার ঈশ্বরদীতে ৭ বছর পর বিএনপির নতুন কমিটি গঠন করা হয়েছে। তবে কমিটি গঠনের পর এ নিয়ে উত্তেজনার সৃষ্টি হয়েছে। বিএনপির নতুন কমিটিকে স্বাগত জানিয়ে একদিকে আনন্দ মিছিল অন্যদিকে কমিটি বাতিলের জন্য বিক্ষোভ ও ঝাড়ু মিছিল করেছে দলটির একাংশের নেতাকর্মীরা। রোববার রাত সাড়ে আটটার দিকে উপজেলা ও পৌর বিএনপির ব্যানারে শহরে বিক্ষোভ ও ঝাড়ু মিছিল বের করা হয়।
নতুন কমিটিকে অবৈধ আখ্যা দিয়ে জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে ঈশ্বরদী শহরে বিক্ষোভ ও ঝাড়ু মিছিল বের করে বিএনপির একাংশের নেতাকর্মীরা। দলীয় সূত্রে জানা গেছে, গত শনিবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ঈশ্বরদী উপজেলা ও পৌর শাখার আহ্বায়ক কমিটি ঘোষনা করে পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব ও সদস্য সচিব মাকসুদুর রহমান মাসুদ খন্দকার।
৭ বছর ঈশ্বরদীতে বিএনপির কোন কমিটি ছিলনা। গত শনিবার বিএনপির পাবনা জেলা আহ্বায়ক কমিটি ঈশ্বরদী উপজেলা ও পৌর কমিটির অনুমোদন দেয়। জেলা বিএনপির দলীয় প্যাডে এ কমিটির অনুমোদন দিয়েছেন জেলা বিএনপির আহবায়ক ও সদস্য সচিব। কমিটিতে ঈশ্বরদী উপজেলা বিএনপির আহ্বায়ক হিসেবে মো. জিয়াউল ইসলাম সন্টু সরদার ও শরিফুল ইসলাম তুহিনকে সদস্য সচিব এবং মাহবুবুর রহমান পলাশকে ঈশ্বরদী পৌর বিএনপির আহ্বায়ক ও ইমরুল কায়েস সুমনকে সদস্য সচিব হিসেবে ঘোষনা দেওয়া হয়।
কমিটি ঘোষনার পরপরই এ নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক জাকারিয়া পিন্টু সদ্য অনুমোদিত ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির এ কমিটি নিয়ে তার ফেসবুক আইডিতে বিরুপ স্ট্যাটাস দিয়ে তিনি তার অনুসারী নেতাকর্মীদের আন্দোলন করার জন্য প্রস্তুত থাকার কথা বলেন। এরই অংশ হিসেবে রোববার রাতে শহরে বিক্ষোভ ও ঝাড়ু মিছিল বের করে তার অনুসারী নেতাকর্মীরা।
শেষে ঈশ্বরদী বাজারের ১নং গেটের সামনে পথসভায় বক্তব্য দেন বিএনপি নেতা বিষ্টু কুমার সরকার, ইসলাম হোসেন জুয়েল, আনোয়ার হোসেন জনি, সেন্টু সরদার, জাহাঙ্গীর আলম, মনিরুজ্জামান টুটুল সরদার, আক্কাছ আলী, সাবেক ছাত্রনেতা খন্দকার তৌফিক আলম সোহেল, পৌর যুবদলের সাবেক আহবায়ক জাকির হোসেন জুয়েল, যুবদল নেতা হিরক সরদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব মেহেদী হাসান, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাহমুদুর রহমান ফুল জুয়েল, যুবদল নেতা মুকুল হোসেন, মতিউর রহমান, ছাত্রদল নেতা শাওন, মোহন, রিশাদসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল নেতারা।
এদিকে নতুন কমিটিকে স্বাগত জানিয়ে রোববার রাতে উপজেলার দাশুড়িয়ায় আনন্দ মিছিল বের করে উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীরা। দাশুড়িয়া ইউনিয়ন বিএনপির আহবায়ক আব্দুস সামাদ সুলভ মালিথার সভাপতিত্বে দাশুড়িয়া বাজারে আয়োজিত পথসভায় বক্তব্য দেন বিএনপি, ছাত্রদল, যুবদলের নেতারা।
ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন দিয়েছে পাবনা জেলা বিএনপি। এতে ঈশ্বরদী উপজেলা কমিটিতে জিয়াউল ইসলাম সন্টু সরদারকে আহবায়ক ও শরিফুল ইসলাম তুহিনকে সদস্য সচিব এবং ঈশ্বরদী পৌর কমিটিতে মাহবুবুর রহমান পলাশকে আহবায়ক ও ইমরুল কায়েস সুমনকে সদস্য সচিব করা হয়েছে।
পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব ও সদস্য সচিব মাকসুদুর রহমান মাসুদ খন্দকার স্বাক্ষরিত জেলা বিএনপির প্যাডে এ কমিটি অনুমোদন দেওয়া হয়। নতুন কমিটির নেতারা জেলা বিএনপির নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সেখানে জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিব ও ঈশ্বরদী পৌর বিএনপির আহবায়ক মাহ্বুবুর রহমান পলাশ বক্তব্য দেন।