রাজশাহীতে হাটের মধ্যে ঢুকে গেল ট্রাক, নিহত ৪
রাজশাহীতে ঘনকুয়াশায় বালুবাহী ড্রামট্রাকের চাপায় চারজন নিহত হয়েছে। আহত হয়েছে বেশ কয়েকজন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) পুঠিয়া উপজেলার ঝলমলিয়া হাটে সকাল সাতটার দিকে এই দুর্ঘটনার ঘটে। ঝলমলিয়ায় ছিল বৃহস্পতিবার হাটের দিন। এখানেও বিশাল কলার হাট বসে৷
ফায়ার সার্ভিস জানিয়েছে, সকাল ৭টা ৫০ মিনিটে দুর্ঘটনার খবর পেয়ে ৭টা ৫৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস। স্টেশন থেকে ঘটনাস্থলের দূরত্ব ২ কিলোমিটার। বালু ভর্তি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বাজারের ভিতরে ঢুকে গিয়ে এই দুর্ঘটনা ঘটে। পুঠিয়া ফায়ার স্টেশনের একটি ইউনিট ও নাটোর ফায়ার স্টেশনের একটি ইউনিট উদ্ধার কাজ করছে।
নিহতরা হলেন- নাটোর সদর উপজেলার কাফুরিয়া গ্রামের শাহীন আলীর ছেলে সিয়াম, পাইকপাড়া গ্রামের আক্কেল প্রামানিকের ছেলে মুনকের প্রামানিক, নাটোরের বাগাতিপাড়া উপজেলার সালাইনগর গ্রামের সৈয়ম উদ্দিনের ছেলে সেন্টু ও রাজশাহীর চারঘাট উপজেলার আস্করপুর গ্রামের মৃত মাহাতাব আলীর ছেলে ইসলাম উদ্দিন।
বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী পুলিশ সুপার সাবিনা ইয়াসমিন। তিনি জানান, ঘটনাস্থল থেকে চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। কুয়াশার কারণে সকালে নাটোরগামী একটি বালুবাহী ড্রাম ট্রাক সেখানে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই চারজন মারা যান।
তিনি জানান, নিহতদের মধ্যে একজনের মরদেহ বাড়ি নিয়ে চলে যাওয়া হয়। আর পুলিশ গিয়ে ঘটনাস্থলে তিনজনের মরদেহ পায়। এ নিয়ে মোট চারজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। নিহতরা কলা ব্যবসায়ী বলে ধারণা করা হচ্ছে।