চাঁপাইনবাবগঞ্জ আদালত প্রাঙ্গণ থেকে অপহরণ, মারধর ও জোর করে স্ট্যাম্পে স্বাক্ষর নেয়ার অভিযোগ
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ আদালতে হাজিরা দিতে গিয়ে হামিম আলী (২২) নামে এক যুবককে অপহরণের অভিযোগ উঠেছে মোসা. লিমা খাতুন নামে এক নারীর বিরুদ্ধে। কয়েকজন সন্ত্রাসী দিয়ে তাকে অপহরণ করে পাশের আমবাগানের নির্মাণাধীন ভবনে নিয়ে গিয়ে অস্ত্রের ভয় দেখিয়ে জোরপূর্বক মারধর করে স্ট্যাম্পে নেয়া হয় স্বাক্ষর। কেড়ে নেয়া হয়েছে মুঠোফোন।
সোমবার (১০ নভেম্বর) সকালে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় অভিযোগ করেছেন হামিম আলী নিজেই।
অভিযোগ সূত্রে জানা যায়, ৯ নভেম্বর দুপুরে আদালত চত্বর থেকে হামিমকে তুলে নিয়ে যান জেলার শিবগঞ্জ উপজেলার শফিকুল ইসলামের মেয়ে লিমা খাতুন ও তার লোকজন। পরে পাশের শান্তিবাগ এলাকার একটি আমবাগানের নির্মাণাধীন বাড়িতে নিয়ে যায়। সেখানে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে মারধর করে জোরপূর্বক স্ট্যাম্পে স্বাক্ষর করিয়ে নেয়া হয়। কেড়ে নেয় হয় মোবাইল ফোন। অন্য মোবাইলে ধারণ করা হয় স্বীকারোক্তিমূলক ভিডিও।
এর আগে ৬ নভেম্বর দুপুরে আদালত চত্বরে হামিমকে লিমা খাতুনসহ ৪-৫ ব্যক্তি দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে অটোরিকশায় অপহরণের চেষ্টা চালায়। উপস্থিত জনতার সহায়তায় অপহরণে ব্যর্থ হয়। এমনকি স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার চেষ্টা করেন লিমা। পরে জনতা ওই স্ট্যাম্প উদ্ধার করে।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ শাহীন আকন্দ বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযোগ পাওয়া গেছে। তবে হামিদ আলির বিরুদ্ধে অন্য একটি ধর্ষণ মামলারও অভিযোগ থাকায় সঠিক তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।