বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬

পোরশায় প্রায় রাতেই হচ্ছে ডাকাতি, আতঙ্কে এলাকাবাসী

WP Import ১৬ অক্টোবর ২০২৫ ০২:৩৩ অপরাহ্ন
WP Import ১৬ অক্টোবর ২০২৫ ০২:৩৩ অপরাহ্ন
পোরশায় প্রায় রাতেই হচ্ছে ডাকাতি, আতঙ্কে এলাকাবাসী
পোরশায় প্রায় রাতেই হচ্ছে ডাকাতি, আতঙ্কে এলাকাবাসী


পোরশা (নওগাঁ) প্রতিনিধি :


নওগাঁর পোরশা উপজেলার বিভিন্ন স্থানে প্রায় রাতেই হচ্ছে ডাকাতি। ডাকাতি বন্ধে প্রশাসনের নেই কোন ভূমিকা। প্রতিনিয়ত ডাকাত হওয়ার আতঙ্কে রয়েছেন এলাকাবাসী।
জানা যায়, ডাকাতরা সড়কে গাছ ফেলে যানবাহনের পথরোধ করে অস্ত্রের মুখে জিম্মি করে যাত্রীদের নিকট থেকে সর্বস্ব লুটে নিচ্ছে। বাজার ও মোড়ের দোকানপাটের তালা ভেঙে মালামাল লুট করে নিচ্ছে। রাতের বেলা ব্যবসায়ীরা বাড়ি ফেরার পথে পথরোধ করে অস্ত্রের ভয় দেখিয়ে টাকা ও মোবাইল ফোন নিয়ে নিচ্ছে। এমন ঘটনা এখন পোরশা উপজেলার চারিদিকে। ডাকাত আতঙ্কে রাত কাটছে ব্যবসায়ী, পথচারী ও সাধারণ মানুষের।

বুধবার দিবাগত রাতে উপজেলার সারাইগাছী-আড্ডা আঞ্চলিক মহাসড়কের মোশানতলা মোড় হতে বন্ধুপাড়া মোড় পর্যন্ত ৭ কিলোমিটারের মধ্যে ৩টি স্থানে ডাকাতরা গাছ ফেলে পথরোধ করে বিভিন্ন যানবাহনে ডাকাতি করে। একই রাতে এই ৭ কিলোমিটারের মধ্যে বেজোড়া মোড়ের তিন নাইট গার্ডকে অস্ত্রের মুখে জিম্মি করে ১৮টি দোকানের সমস্ত মালামাল লুট করে নিয়ে গেছে ডাকাতদল।

এর আগে রোববার দিবাগত সন্ধ্যা সাড়ে ৭টা হতে সাড়ে ৮টা পর্যন্ত ১ঘণ্টা ডাকাতির ঘটনাটি ঘটেছে সারাইগাছী-আড্ডা সড়কের মোশানতলা মোড়ে। সেখানে একটি গাছ ফেলে উভয় দিক থেকে আসা বিভিন্ন যানবাহনের পথরোধ করে যাত্রীদের অস্ত্রের ভয় দেখিয়ে নগদ টাকা, স্বর্ণালংকার ও মোবাইল ফোনসহ কাছে থাকা অন্যান্য সামগ্রী নিয়ে নেয় ডাকাতদল। মালামাল দিতে না চাইলে মেরে গুরুতর আহত করে প্রায় ২০জনকে। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

এলাকাবাসীর অভিযোগ, উপজেলার মোশানতলা মোড়ে অনেক দিন ধরেই ডাকাতির ঘটনা ঘটে আসছে। আর ডাকাতি হয় সন্ধা থেকে পুরো রাতভর পর্যন্ত। অথচ ডাকাতি বন্ধে পুলিশ প্রশাসনের কোন ভূমিকা নেই। বিশেষ করে থানা পুলিশের ভূমিকা দেখে হতাশ এলাকাবাসী। মোশানতলা মোড়ে ডাকাতি হয়, আর ওই সময়ে পুলিশ বসে থাকে মোশানতলা থেকে দুই কিলোমিটার দূরে সারাইগাছী বাজারে।

ডাকাতি শেষে হলে পুলিশ এসে হাজির হয়। এরকম ঘটনা প্রায় দেখা যায় বলে জানান এলাকাবাসী। গত সপ্তাহে উপজেলার ঘাটনগর ইউনিয়নের তাঁতিপাড়া বাজারের মুদি ব্যবসায়ী আলমঙ্গীর হোসেন রাত ৮টার সময় দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন। এসময় তার পথরোধ করে অস্ত্রের মুখে জিম্মি ও মারধর করে তার কাছে থাকা ৪২ হাজার টাকা ছিনিয়ে নেয় ডাকাতদল।

বেজোড়া মোড়ের ইলেকট্রিক ব্যবসায়ী হুমায়ন কবির ও রাজিবুল হাসান এবং মুদিখানা ব্যবসায়ী জাকারিয়া জানান, তাদের এই মোড়ে মাঝেমধ্যেই ডাকাতি হয়। বুধবারের ডাকাতির ঘটনায় ১৮টি দোকানের অর্ধ লক্ষাধিক টাকার মালামাল ডাকাতি করে নিয়ে গেছেন বলে তারা জানান।
এ ব্যাপারে বৃহস্পতিবার সকালে পোরশা থানার অফিসার ইনচার্জ মিন্টু রহমান ও নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাফিউল সারোয়ার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ##