অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ
বলিউড অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ২৮ অক্টোবরের মধ্যে তাকে ভারত ত্যাগ করার নির্দেশ দিয়েছে মুম্বাই পুলিশ।
দ্য ফ্রি প্রেস জার্নাল মুম্বাই পুলিশের বরাত দিয়ে এক প্রতিবেদনে জানিয়েছে, ইমরান খান মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক। ভারতীয় নাগরিক না হওয়ার পরও ককরোচের বিক্ষোভে অংশ নেওয়ায় অভিবাসন আইনের প্রাসঙ্গিক ধারায় তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।
মুম্বাই পুলিশের পক্ষ থেকে ইমরান খানকে নোটিশ পাঠানো হয়েছে। ভারত ছাড়ার নোটিশ প্রাপ্তি ও নিজ নাগরিকত্ব নিয়ে এখনো কোনো প্রতিক্রিয়া জানাননি ইমরান খান। তবে ২০১১ সালে ইন্ডিয়া টুডে-কে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন নাগরিকত্ব নিয়ে কথা বলেছিলেন তিনি।
ইমরান খান বলেছিলেন, “আমি ভারতীয় পাসপোর্ট পাওয়ার চেষ্টা করছি। এ বিষয়ে সরকারি প্রক্রিয়া চলছে। আশা করছি, খুব শিগগির পেয়ে যাব। কারণ সামনে বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজ রয়েছে। আমি মনে করি, নিজ দেশের সেবা করা আমার কর্তব্য। নাগরিক না হওয়ায় আমি এখানে ভোট দিতে পারি না। তবে ভোটদানের গুরুত্ব সম্পর্কে মানুষকে সচেতন করার মাধ্যমে নির্বাচনে অংশ নিই।”
পরবর্তীতে ইমরান খান ভারতীয় নাগরিকত্ব পেয়েছিলেন কি না, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
কয়েক দিন আগে ভারতের ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিয়ে প্রেমিকা লেখা ওয়াশিংটনসহ আটক হন ইমরান খান। পরবর্তীতে তাদের ছেড়ে দেয় পুলিশ। এরপর প্রেমিকাসহ ইমরান খানের বিরুদ্ধে মামলা দায়ের করে পুলিশ।
দক্ষিণ মুম্বাইয়ের গামদেবী থানায় মামলাটি রেজিস্ট্রি করে পুলিশ। ইমরান খানসহ অন্যান্য বিক্ষোভকারীদেরও এ মামলায় আসামি করা হয়েছে। পুলিশের তথ্য অনুযায়ী, এই বিক্ষোভ চলাকালে মুম্বাই থেকে চার শতাদিক মানুষকে আটক করা হয়।
এর আগে মুম্বাই পুলিশ জানায়, ভারতীয় দণ্ডবিধির ২২৩ (আদেশ অমান্য করা), ১২৬(২) (অন্যায়ভাবে বাধা দেওয়া), ১৮৯(২) (বেআইনি সমাবেশ), ১৮৯(৩) এবং ১৮৯(৫) ধারায় মামলাটি রেজিস্ট্রি হয়েছে। পুলিশ বাদী হয়ে মামলাটি দায়ের করেছে।
ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) নিয়ে অনিয়মের অভিযোগ তুলে সিজেপি এই প্রতিবাদ কর্মসূচির ডাক দেয়। তাদের দাবি, প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে পদত্যাগ করতে হবে এবং সংশোধনপ্রক্রিয়া বন্ধ করতে হবে। এ প্রতিবাদ কর্মসূচিতে যোগ দেন ইমরান খান।
বলে রাখা ভালো, বলিউড অভিনেতা আমির খানের ভাগ্নে ইমরান খান। ২০০৮ সালে ‘জানে তু ইয়া জানে না’ সিনেমার মাধ্যমে বলিউডে তার অভিষেক হয়। এরপর বক্স অফিসে সফল একাধিক সিনেমা দর্শকদের উপহার দিয়েছেন তিনি।
ইমরান খান অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘কাট্টি বাট্টি’। এটি ২০১৫ সালে মুক্তি পায়। নিখিল আদভানি পরিচালিত সিনেমাটিতে কঙ্গনা রাণৌতের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেন ইমরান। তবে বক্স অফিসে খুব একটা সুবিধা করতে পারেনি এটি। ‘মিশন মার্স: কিপ ওয়াকিং ইন্ডিয়া’ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের মাধ্যমে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন ইমরান।
তথ্যসূত্র: রাইজিংবিডি