পিআর পদ্ধতিতে নির্বাচন ও জুলাই সনদ দ্রুত বাস্তবায়নের দাবিতে নাটোরে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান

নাটোর প্রতিনিধি:
কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে নাটোরেও পিআর পদ্ধতিতে নির্বাচন ও জুলাই সনদ দ্রুত বাস্তবায়নের দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেছে জামায়াতে ইসলাম। রবিবার (১২ অক্টোবর) সকাল ১০ টার দিকে সংগঠনটির জেলা শাখার আয়োজনে শহরের ভবানীগঞ্জ এলাকায় জুলাই স্মুতিস্তম্ভ থেকে একটি মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে সংগঠনটির নেতারা পিআর পদ্ধতিতে নির্বাচন ও জুলাই সনদ বাস্তবায়নের দাবি সম্বলিত স্মারকলিপি জেলা প্রশাসক আসমা শাহীনের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর প্রদান করেন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জামায়াতে ইসলামীর নাটোর জেলা আমীর অধ্যাপক ড. মীর নুরুল ইসলাম, জেলা নায়েবে আমীর অধ্যাপক ইউনুস আলী, জেলা সেক্রেটারি সাদেকুর রহমান, সহকারি সেক্রেটারি আতিকুল ইসলাম রাসেল প্রমূখ।
জামায়াতে ইসলামীর নাটোর জেলা আমীর অধ্যাপক ড. মীর নুরুল ইসলাম বলেন, জনগণের দাবিসমূহ কার্যকর করার কোন পদক্ষেপ লক্ষ্য করা যাচ্ছে না। এমতাবস্থায় ফেব্রুয়ারি মাসের মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন, পিআর পদ্ধতিতে নির্বাচনসহ ৫ দফা দাবি দ্রুত বাস্তবায়নের দাবি জানাচ্ছি।