পোরশায় অভিনব কৌশলে দীর্ঘদিন ধরে বসত বাড়িতে চুরি, নারীসহ তিন চোর আটক

পোরশা (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর পোরশায় বসতবাড়িতে অভিনব কৌশলে চুরির সময় নারীসহ তিন চোরকে আটক করেছে এলাকাবাসী। আটককৃতরা চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার বোয়ালিয়া কালুপুর গ্রামের মৃত মহিরুদ্দিনের মেয়ে রোকসানা (৪০), একই গ্রামের মৃত নহিমুদ্দিনের মেয়ে জোসনা (৫০) একই উপজেলার ভোগলা গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে নাসিম (৪৫)।
জানা গেছে, দীর্ঘদিন যাবত এরা একটি সিএনজি নিয়ে পোরশা সাপাহার নিয়ামতপুর ও গোমস্তাপুর এলাকার বিভিন্ন গ্রামের বসত বাড়িতে প্রবেশ করে অভিনব কৌশলে বাড়িতে থাকা লোকজনকে চেতনানাশক স্প্রে দিয়ে সোনা, মোটা অঙ্কের টাকা ও মূল্যবান জিনিসপত্র চুরি করে আসছিল।
গত বৃহস্পতিবার সন্ধ্যার আগে উপজেলার ছাওড় ইউনিয়নের বলদাহার গ্রামের সাদিকুলের ছেলে আব্দুলের বাড়িতে প্রবেশ করে অভিনব কৌশলে চুরির চেষ্টা করে। এ সময় প্রতিবেশীরা টের পেয়ে তাদেরকে আটক করে। পরে থানা পুলিশের হাতে তাদেরকে সোপর্দ করেন এলাকাবাসী।
এলাকাবাসী জানান, এরা তিনজন গত রোববার সিএনজি নিয়ে নিয়ামতপুর উপজেলার হাজিনগর গ্রামের নজরুল ইসলামের বাড়িতে প্রবেশ করে বাড়িতে থাকা লোকজনকে চেতনানাশক স্প্রে করে নগদ সাড়ে ৩লক্ষ টাকা নিয়ে পালিয়ে যায়।
একই উপজেলার নিমদিঘী বাজারের কারিউল খান জানান, দুই বছর আগে এরা তিনজন তাদের বাড়িতে প্রবেশ করে কৌশলে তার মায়ের স্বর্ণের হাতের বালা, গলার মালা ও নুপুরসহ প্রায় দুই ভরি স্বর্ণালংকার চুরি করে নিয়ে যায়। এরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় একই কৌশলে চুরি করে আসছিল।
পোরশা থানার অফিসার ইনচার্জ মিন্টু রহমান জানান, তাদের বিরুদ্ধে থানায় একটি মামলা হয়েছে এবং তাদেরকে জেল হাজতে পাঠানো হয়েছে। ##