আত্রাইয়ে ভটভটি-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

আত্রাই(নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর আত্রাইয়ে ভটভটি -মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে শ্রাবণ উদ্দিন প্রামানিক (১৯) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে সিমান্ত নামে আরও এক মোটরসাইকেল আরোহী।
বুধবার (৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার আত্রাই টু বান্দাইখাড়া রোডের কুশাতলা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শ্রাবণ উদ্দিন প্রামানিক নওগাঁ জেলার মান্দা উপজেলার যশোপাড়া এলাকার রহিদুলের ছেলে।
আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মান্নান বিষয়টি নিশ্চিত করে জানান , মোটরসাইকেল আরোহীরা মান্দা নিজ গ্রাম থেকে পাশের উপজেলা আত্রাই জরুরি একটি কাজে আসার সময় বিপরীত দিক থেকে আসা একটি ভটভটির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী শ্রাবণ উদ্দিন প্রামানিক নিহত হয়। এ সময় মোটরসাইকেলে থাকা আরেক আরোহীকে স্থানীয়রা উদ্ধার করে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
ওসি আরও বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।