বুধবার, অক্টোবর ১৪, ২০২৬

বিহারে গঙ্গায় নৌকাডুবি! মৃত্যু অন্তত ১১ জনের

সোনার দেশ ডেস্ক ১৪ অক্টোবর ২০২৬ ১১:৩৬ পূর্বাহ্ন আন্তর্জাতিক
সোনার দেশ ডেস্ক ১৪ অক্টোবর ২০২৬ ১১:৩৬ পূর্বাহ্ন
বিহারে গঙ্গায় নৌকাডুবি! মৃত্যু অন্তত ১১ জনের
দুর্ঘটনার পরের মুহূর্ত। ছবি: পিটিআই।

মাঝগঙ্গায় নৌকাডুবিতে অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে অধিকাংশই শিশু ও নাবালক। মঙ্গলবার রাতে বিহারের বৈশালী রাঘোপুর এলাকার ঘটনা। জানা গিয়েছে, নৌকাটিতে ১৫ থেকে ২০ জন যাত্রী ছিলেন এবং তাঁরা সবাই একটি নিমন্ত্রণবাড়িতে যাচ্ছিলেন। হঠাৎ মাঝপথে নৌকাটি ডুবে যায়। উদ্ধারকাজ এখনও চলছে। নিখোঁজ ব্যক্তিদের খোঁজে ডুবুরি দিয়ে তল্লাশি চালানো হচ্ছে। প্রশাসন পুরো পরিস্থিতির উপর নজর রাখছে।


পুলিশ সূত্রে খবর, নিহতদের মধ্যে অধিকাংশই শিশু ও নাবালক। ত্রাণ ও উদ্ধারকাজ চালানোর জন্য জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীকেও ওই এলাকায় মোতায়েন করা হয়েছে। পাশাপাশি, নদীতে নিখোঁজ ব্যক্তিদের খোঁজে স্থানীয় গ্রামবাসীরাও প্রশাসনের সঙ্গে সহযোগিতা করছেন। ইতিমধ্যেই বেশ কয়েক জনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে।


দুর্ঘটনার পর বিহারের মুখ্যমন্ত্রী সম্রাট চৌধরী নিহতদের পরিবারকে চার লক্ষ টাকার আর্থিক সহায়তা দেওয়ার কথা ঘোষণা করেছেন। এক্স হ্যান্ডলে তিনি লেখেন, “বৈশালীর রাঘোপুরে দুর্ঘটনায় নিষ্পাপ প্রাণ হারানোর খবরটি দুঃখজনক। এই কঠিন সময়ে শোকার্ত পরিবারগুলির প্রতি আমার গভীর সমবেদনা রইল। ঈশ্বর প্রয়াত আত্মাদের শান্তি দিন এবং পরিবারগুলিকে এই দুঃখ সহ্য করার শক্তি দিন।”


দুর্ঘটনার পর আরজেডি নেতা এবং রাঘোপুরের বিধায়ক তেজস্বী যাদব এক্স হ্যান্ডলে সমবেদনা জানান। তিনি তাঁর পোস্টে লেখেন, “আমরা রাঘোপুর দিয়ারা এলাকায় একটি নৌকাডুবির দুর্ভাগ্যজনক ও দুঃখজনক খবর পেয়েছি। যাঁরা ডুবে গিয়েছেন তাঁদের মধ্যে অধিকাংশই শিশু। ঈশ্বর সবাইকে নিরাপদ রাখুন। স্থানীয় মানুষ, প্রশাসন এবং কর্মীদের সঙ্গে আলোচনার পর ত্রাণ, উদ্ধার ও চিকিৎসা কার্যক্রম দ্রুত করার নির্দেশ দেওয়া হয়েছে।”


তথ্যসূত্র: আনন্দবাজার অনলাইন