রবিবার, জুন ২১, ২০২৬

রাজশাহীতে যৌথ বাহিনীর চেকপোস্টে ধারালো অস্ত্রসহ দুইজন গ্রেফতার

সংবাদ বিজ্ঞপ্তি ০৩ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:৩৩ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ০৩ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:৩৩ অপরাহ্ন
রাজশাহীতে যৌথ বাহিনীর চেকপোস্টে ধারালো অস্ত্রসহ দুইজন গ্রেফতার

রাজশাহী মহানগরীর কোর্ট স্টেশন মোড়ে সেনাবাহিনী ও পুলিশের যৌথ চেকপোস্টে দুইজনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (২ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে দুটি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। 


গ্রেফতারকৃতরা হলেন- রাজপাড়া থানার ডিঙ্গাডোবা এলাকার মোহাম্মদ আব্দুল মমিনের ছেলে সানোয়ার (৪২) এবং কাশিয়াডাঙ্গা থানার পূর্ব মোল্লাপাড়া এলাকার আলতাফ হোসেনের ছেলে মাবুদ আলী ওরফে বাবর (৩৫)।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, কোর্ট স্টেশন মোড়ে সেনাবাহিনী ও পুলিশের যৌথ চেকপোস্টে মোটরসাইকেল চালক দুইজন আরোহী নিয়ে চেকপোস্ট অতিক্রমের চেষ্টা করছিল। যৌথ বাহিনীর সিগন্যাল পেয়ে মোটরসাইকেল চালক বেপরোয়া গতিতে পালিয়ে গেলেও অপর দুইজন রাস্তায় পড়ে যায় এবং দৌড়ে পালানোর চেষ্টাকালে তাদের আটক করা হয়।


জিজ্ঞাসাবাদে যৌথ বাহিনী আটকৃতদের পরিচয় সানোয়ার ও বাবর হিসেবে নিশ্চিত হয়েছে। আটককৃতরা জানিয়েছে, মোটরসাইকেল চালক ছিলেন ওয়ারেন্টভুক্ত আসামি চুয়ানী মিলন। এছাড়া তারা গাঁজা সেবনের কথা স্বীকার করেছে। দেহ তল্লাশির সময় তাদের কাছ থেকে দুটি ধারালো হাসুয়া জব্দ করা হয়েছে। মোটরসাইকেল থেকে পড়ে সামান্য আহত হওয়ায় তাদের প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে। 


ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই আসামিকেই ৩ মাসের কারাদণ্ড ও ৫০ টাকা জরিমানা করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে।