নগরীতে ট্যাপেন্টাডল ও গাঁজাসহ গ্রেপ্তার ৩
রাজশাহী মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ ও মতিহার থানা পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) নগরীর পৃথক দুটি এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, সোমবার বেলা পৌনে ৩টার দিকে মহানগর ডিবি পুলিশ বোয়ালিয়া থানার উপর ভদ্রা এলাকায় অভিযান চালায়। এ সময় ওই গ্রামের আব্দুল ওহাবের ছেলে মো. আশিকুর রহমান (৩০) এবং মো. আলমগীর হোসেন ওরফে পিনুর ছেলে মো. রাতুল হোসেনকে (২৭) গ্রেপ্তার করা হয়। তাঁদের হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ১২টি ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
অন্যদিকে, একই দিন রাত ১০টার দিকে মতিহার থানা পুলিশ চর সাতবাড়িয়া বটতলা এলাকায় অভিযান চালিয়ে মো. আব্দুল মালেকের ছেলে মো. অলীউল্লাহ বাগাকে (২৯) গ্রেপ্তার করে। তাঁর কাছ থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা দুটি ট্যাপেন্টাডল ট্যাবলেট ও চার গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা করা হয়েছে। পরে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।