বদলগাছীতে রাজমিস্ত্রিকে মারধর করে মোটরসাইকেল ছিনতাই, ৬ ঘণ্টায় গ্রেপ্তার ২
নওগাঁর বদলগাছীতে এক রাজমিস্ত্রিকে মারধর করে মোটরসাইকেল ও টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযোগ পাওয়ার ছয় ঘণ্টার মধ্যে অভিযান চালিয়ে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।
সোমবার (২৬ অক্টোবর) বিকেল ৫টার দিকে উপজেলার মথুরাপুর ইউনিয়নের হাটশাপিলা এলাকায় এ ঘটনা ঘটে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ওই এলাকার মিঠুনের ছেলে মো. সিয়াম (১৮) ও জাহাঙ্গীর আলমের ছেলে মো. রহিত (১৮)। মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে তাঁদের আদালতে পাঠানো হয়েছে।
এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, ভুক্তভোগী হুমায়ন কবির উপজেলার আধাইপুর ইউনিয়নের পরমান্দপুর গ্রামের মৃত মোজাহার আলীর ছেলে। তিনি পেশায় রাজমিস্ত্রি। সোমবার বিকেলে পাহাড়পুরে কাজ শেষে বাড়ি ফেরার পথে চারা গাছ কেনার জন্য মথুরাপুরের জাবারীপুর হাটে যান। সেখানে সিয়াম ও রহিত বিভিন্ন কৌশলে তাঁকে হাটশাপিলা এলাকায় নিয়ে যান। পরে তাঁরা আরও কয়েকজনকে ডেকে নেন।
অভিযোগ অনুযায়ী, একপর্যায়ে হুমায়ন কবিরকে রাস্তার পাশে নিয়ে মারধর করে তাঁর মোটরসাইকেল ও সঙ্গে থাকা ৯০০ টাকা ছিনিয়ে নেওয়া হয়। পরে তাঁর কাছে আরও দুই লাখ টাকা দাবি করা হয়। টাকা দিতে অস্বীকৃতি জানালে জ্বলন্ত সিগারেট দিয়ে তাঁর হাতে ছ্যাঁকা দেওয়া হয় বলে অভিযোগ করেন ভুক্তভোগী। একপর্যায়ে কৌশলে সেখান থেকে বেরিয়ে রাস্তায় চিৎকার করলে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে থানায় নিয়ে যান।
হুমায়ন কবির বলেন, “পাহাড়পুরে কাজ শেষে বাড়ি ফিরছিলাম। চারা গাছ কেনার জন্য জাবারীপুর বাজারে গেলে সিয়াম ও রহিত আমার পিছু নেন। পরে বাজারের পাশে নিয়ে মারধর করে মোটরসাইকেল কেড়ে নেন। আমার কাছে আরও দুই লাখ টাকা দাবি করেন। হাত-পায়ে অনেক মারধর করা হয়েছে। তারা সংখ্যায় ছয়-সাতজন ছিল।”
বদলগাছী থানার উপপরিদর্শক (এসআই) মো. জিয়াউর রহমান জিয়া বলেন, অভিযোগ পাওয়ার ছয় ঘণ্টার মধ্যে অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় আরও কয়েকজনের সংশ্লিষ্টতা রয়েছে। তাঁদের গ্রেপ্তারে অভিযান চলছে।