ভিডিও ভাইরাল: মহাদেবপুরে ‘জয় বাংলা’ স্লোগান, ছাত্রলীগের চার নেতাকর্মী গ্রেপ্তার
নওগাঁর মহাদেবপুরে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের চার নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। সোমবার (২৬ অক্টোবর) বিকেলে উপজেলার উত্তরগ্রাম ইউনিয়নের চকগোড়া এলাকা থেকে তাঁদের আটক করা হয়। পরে গত ১৬ জুন দায়ের করা একটি নাশকতা মামলায় গ্রেপ্তার দেখিয়ে মঙ্গলবার বিকেলে তাঁদের আদালতে পাঠানো হয়েছে।
আটক ব্যক্তিরা হলেন উত্তরগ্রাম ইউনিয়নের ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি ও চকগোড়া সরদারপাড়া গ্রামের আবুল কালাম আজাদের ছেলে রোকনুজ্জামান সোহাগ (২৫), একই গ্রামের মৃত আবুল কালাম আজাদের ছেলে মাহমুদ রায়হান (৩০), চকগোড়া পূর্বপাড়া গ্রামের আবির উদ্দিন সরদারের ছেলে পিয়ারুল ইসলাম মুসা (১৯) এবং সাইফুল ইসলামের ছেলে সোহেল (২১)।
স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার দিবাগত রাতে চকগোড়া ও আশপাশের কয়েকজন যুবক গ্রামের পাশে পিকনিকের আয়োজন করেন। পিকনিক শেষে তাঁরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে ‘জয় বাংলা’ স্লোগান দেন। এ সময় রোকনুজ্জামান সোহাগ আগামী ডিসেম্বরে শেখ হাসিনার আসার বিষয়ে সহযোগিতা করার কথা বলে বক্তব্য দেন বলে স্থানীয়রা জানান। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে পুলিশ অভিযান চালায়।
অভিযানের সময় পুলিশ ঘটনাস্থল থেকে আরও একজন যুবককে আটক করে থানায় নিয়ে যায়। তবে জিজ্ঞাসাবাদ ও যাচাই-বাছাই শেষে ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতা না পাওয়ায় তাঁকে ছেড়ে দেওয়া হয়।
মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, চকগৌরীহাটে নাশকতা সৃষ্টির চেষ্টার মামলায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। আরেক যুবক কৌতূহলবশত ঘটনাস্থলে গিয়েছিলেন। যাচাই-বাছাই শেষে তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে।