মন্ত্রিত্ব নিয়ে রাজশাহী আসছেন মিনু
ভূমিমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো রাজশাহী সফরে আসছেন রাজশাহী সদর আসনের সংসদ সদস্য মিজানুর রহমান মিনু। শুক্রবার ও শনিবার তিনি বিভিন্ন সরকারি ও দলীয় কর্মসূচিতে অংশ নেবেন।
দলীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে সড়কে তিনি রাজশাহীর উদ্দেশ্যে রওয়ানা দেবেন। শুক্রবার সকালে এসে পৌছাবেন। এদিন সকাল ১০টায় রাজশাহী সার্কিট হাউজে বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। এরপর তিনি হযরত শাহমখদুম (র.) দরগা মসজিদে জুমার নামাজ আদায় কওে মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময় করবেন।
শুক্রবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে নবনির্মিত কেন্দ্রীয় শহিদ মিনারে ভাষাশহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। শনিবার সকাল ১১টায় মহানগর বিএনপি আয়োজিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। কর্মসূচি শেষে শনিবার রাতে মিজানুর রহমান মিনুর ঢাকায় ফেরার কথা রয়েছে।