সোমবার, অক্টোবর ২৬, ২০২৬

মনাকষায় ৩৫ তরুণকে মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ দিচ্ছে ৫৩ বিজিবি

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ২৬ অক্টোবর ২০২৬ ০২:২৭ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ২৬ অক্টোবর ২০২৬ ০২:২৭ অপরাহ্ন
মনাকষায় ৩৫ তরুণকে মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ দিচ্ছে ৫৩ বিজিবি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনাকষা সীমান্ত এলাকার বেকার তরুণদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে ছয় সপ্তাহব্যাপী মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ কার্যক্রম শুরু করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ প্রশিক্ষণে মনাকষা ইউনিয়নের বিভিন্ন গ্রামের ৩৫ জন তরুণ অংশ নিচ্ছেন।


সোমবার (২৬ অক্টোবর) সকাল ১০টায় মনাকষা ইউনিয়ন পরিষদ হলরুমে এ প্রশিক্ষণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এ প্রশিক্ষণের আয়োজন করেছে। আগামী ৩ ডিসেম্বর পর্যন্ত এ কার্যক্রম চলবে।


বিজিবি জানায়, সীমান্ত সুরক্ষা ও দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি সীমান্তবর্তী এলাকার মানুষের আর্থসামাজিক উন্নয়ন এবং জীবনমান বৃদ্ধিতে বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে সংস্থাটি। এরই ধারাবাহিকতায় বেকার তরুণদের কারিগরি দক্ষতা বাড়াতে এ প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে।


প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীরা মোবাইল ফোন মেরামতের দক্ষতা অর্জন করে আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরি করতে পারবেন বলে আশা করছে বিজিবি। এতে তাঁরা স্বাবলম্বী হওয়ার পাশাপাশি অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে থেকে সুন্দর ও নিরাপদ জীবন গড়ে তুলতে পারবেন।


এর আগে গত ৬ সেপ্টেম্বর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাংগা ইউনিয়ন পরিষদ হলরুমে ৩৫ জন যুবককে ইলেকট্রিক্যাল ও হাউস ওয়্যারিং প্রশিক্ষণ দেওয়া হয়।


উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৫৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি, ব্যাটালিয়নের সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম, শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আনিসুর রহমান, মনাকষা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মির্জা শাহাদাৎ, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা। এ ছাড়া মনাকষা বিওপির কমান্ডারসহ বিজিবির বিভিন্ন পদমর্যাদার সদস্যরা উপস্থিত ছিলেন।


বিজিবি জানিয়েছে, সীমান্তবর্তী এলাকার মানুষের বিকল্প কর্মসংস্থান সৃষ্টি, দক্ষতা উন্নয়ন ও আর্থসামাজিক অগ্রগতির লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।