মুরগি চুরি ঠেকাতে বিছিয়ে রাখা বিদ্যুতের তারে জড়িয়ে খামার শ্রমিক নিহত
পাবনার ঈশ্বরদীতে মুরগি চুরি ঠেকাতে পোল্ট্রি খামারের চারপাশে বিছিয়ে রাখা বৈদ্যুতিক তারে জড়িয়ে বিদ্যুৎস্পর্শে ওই খামারের শ্রমিক আল-আমিন (৩০) নিহত হয়েছেন। সোমবার উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের নওদাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আল-আমিন উপজেলার মুলাডুলি ইউনিয়নের দরগাপাড়া এলাকার আরোপ সরদারের ছেলে
স্থানীয় সূত্রে জানা যায়, জগন্নাথপুর এলাকার মুক্তার হোসেনের ছেলে সজিব হোসেন তার খামারের মুরগি চুরি ঠেকাতে খামারের চারপাশে বৈদ্যুতিক তার বিছিয়ে রেখেছিলেন। সোমবার সকালে খামার শ্রমিক আল-আমিন কাজ করার সময় সেই তারে জড়িয়ে বিদ্যুৎস্পর্শে ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে নিহত আল-আমিনের মরদেহ উদ্ধার করেন।
ঈশ্বরদী থানার উপপরিদর্শক (এসআই) শফিকুর রহমান জানান, খামার মালিক সজিবের বিরুদ্ধে নিরাপত্তাহীন পরিবেশে খামারের চারপাশে বিদ্যুতের তার বিছিয়ে রাখার অভিযোগ পাওয়া গেছে। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন তার মোবাইল ফোনও বন্ধ রয়েছে। এ বিষয়ে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশাদুর রহমান আসাদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।