রবিবার, জুন ২১, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ২১ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:২৯ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ২১ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:২৯ অপরাহ্ন
চাঁপাইনবাবগঞ্জে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

যথাযোগ্য মর্যাদায় চাঁপাইনবাবগঞ্জে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। শুক্রবার রাত ১২টা ১ মিনিটে চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজ চত্বরে অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করা হয়। 


প্রথমে জেলা প্রশাসক মো. শাহাদাত হোসেন মাসুদ, পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা খাইরুল ইসলামসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা শ্রদ্ধা নিবেদন করেন। 


পরে একে একে মুক্তিযোদ্ধা কমান্ড, জেলা পরিষদ, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা, নবাবগঞ্জ সরকারি কলেজ, সিভিল সার্জন অফিস, জেলা শিল্পকলা একাডেমি, কৃষি বিভাগ, জেলা শিক্ষা অফিসসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানায়।


এ সময় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রধানগণ, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


এছাড়াও দিবসটি উপলক্ষে সকালে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও স্বেচ্ছাসেবী সংগঠন শহীদ মিনারে পুষ্পার্ঘ অর্পণ করে। বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের উদ্যোগে প্রভাতফেরি অনুষ্ঠিত হয়।


অমর একুশের কর্মসূচির অংশ হিসেবে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা, প্রভাতফেরি, শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা, দেশাত্মবোধক সংগীত, কবিতা আবৃত্তি, ভাষা শহীদদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত ও প্রার্থনা, একুশের তাৎপর্য নিয়ে আলোচনা সভা এবং পুরস্কার বিতরণসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।