সিরাজগঞ্জে রেস্তোরা ও মিষ্টি কারখানায় ৫০ হাজার টাকা জরিমানা
অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও সংরক্ষণের অভিযোগে সিরাজগঞ্জের কাজিপুরে একটি রেস্তোরা ও একটি মিষ্টি কারখানায় অভিযান চালিয়ে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার মেঘাই বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন কাজিপুরের সহকারী কমিশনার (ভুমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাঈমা জাহান সুমাইয়া।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, উপজেলার মেঘাই বাজারে শান্তনা হোটেল এন্ড রেস্টুরেন্টে অস্বাস্থ্যকর পরিবশে খাদ্য উৎপাদন ও ফ্রিজে লেবেলহীন খাদ্যপণ্য মজুদের অভিযোগে ৩০ হাজার একই সঙ্গে জাহাঙ্গীর মিষ্টান্ন ভান্ডার ও দই ঘরে অস্বাস্থ্যকর পরিবেশে পোড়া তেলে ভাজাপোড়ার অভিযোগে ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
অভিযানে সার্বিক সহযোগিতায় উপজেলা খাদ্য অফিসার আতিকুর রহমান, ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের সহকারী পরিচালক সোহেল শেখ, স্যানিটারি ইন্সপেক্টর ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।