দুর্গাপুরে নতুন এমপি নজরুল ইসলামের মতবিনিময়
আমরা আর সন্ত্রাস, চাঁদাবাজ, দখলবাজ দেখতে চাই না। বর্তমান সরকার দুর্নীতির বিষয়ে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। আমাদের দুর্গাপুর ও পুঠিয়া হবে একটি শান্তির উপজেলা। আমরা মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি চাই না। একে অপরের সহযোগিতায় এই দেশটাকে এগিয়ে নিতে চাই।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুর্গাপুর উপজেলা সভাকক্ষে বেলা ১১টায় উপজেলার সকল কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল এসব কথা বলেন। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন দুর্গাপুর উপজেলা নির্বাহী অফিসার মাশতুরা আমিনা।
এসময় এমপি আরো বলেন, আমাদের সরকার দেশের সার্বিক উন্নয়নের লক্ষ্যে ইতি মধ্যে কাজ শুরু করেছে। এ সরকার অর্থনৈতিক সংস্কার, আইনশৃঙ্খলা ব্যবস্থার উন্নয়ন এবং সুশাসন প্রতিষ্ঠার ওপর বিশেষ গুরুত্ব দিয়ে কাজ শুরু করেছে। এই উন্নয়ন প্রক্রিয়ায় অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি, নতুন বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং প্রাতিষ্ঠানিক দুর্বলতা দূর করার ওপর জোর দেওয়া হচ্ছে।
এছাড়া টেকসই উন্নয়নের জন্য অবকাঠামোগত উন্নয়ন, দক্ষ জনশক্তি তৈরি এবং প্রযুক্তিগত উন্নয়নের মাধ্যমে ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশ গড়ার পরিকল্পনাও এগিয়ে নেওয়া পরিকল্পনা রয়েছে এই সরকারের।
এসময় মতবিনিময় সভায় বিশেষ অতিথি উপস্থিত ছিলেন, দুর্গাপুর সহকারী কমিশনার (ভূমি) লায়লা নূর তানজু, উপজেলা স্বাস্থ্য ও পরিবারপরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন,দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস,কৃষি কর্মকর্তা সাহানা পারভীন লাবনীসহ বিভিন্ন দপ্তর প্রধানরা। এছাড়াও আলোচনা সভায় বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এছাড়াও এমপি নজরুল ইসলাম ফসলি জমিতে পুকুর খনন রোধ, আইনশৃঙ্খলা ব্যবস্থার উন্নয়ন, সরকারি খাস পুকুর প্রকৃত সমিতির মাধ্যমে ইজারা নিশ্চিত এবং স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্রেক্সে আসহায় দরিদ্র মানুষ যাতে ভালো সেবা পায় সেই সাথে সপ্তাহে ২ থেকে ৪টি ইমারজেন্সি অপারেশন করতে পরে সেই দিকসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।