শনিবার, এপ্রিল ১৮, ২০২৬

তেল দিতে দেরি হওয়ায় নাটোরে ফিলিং স্টেশনে ভাঙচুর, বিক্রি বন্ধ

নাটোর প্রতিনিধি ১৭ এপ্রিল ২০২৬ ১০:০৬ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নাটোর প্রতিনিধি ১৭ এপ্রিল ২০২৬ ১০:০৬ অপরাহ্ন
তেল দিতে দেরি হওয়ায় নাটোরে ফিলিং স্টেশনে ভাঙচুর, বিক্রি বন্ধ

নাটোরের আহম্মদপুরে এক স্টেশনে তেল দিতে দেরি হওয়ায় ওই ফিলিং স্টেশনে ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনার পর নিরাপত্তার কারণে স্টেশনটিতে তেল বিক্রি বন্ধ রাখা হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দিনগত রাত দেড়টার দিকে  সদর উপজেলার সীমান্তবর্তী  এলাকা ও  নাটোর-পাবনা মহাসড়ক সংলগ্ন কানন ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। 


পুলিশ ও ফিলিং স্টেশন কর্তৃপক্ষ জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় প্রায় ৯ হাজার লিটার ডিজেল পাওয়ার পর তা ক্রেতাদের মধ্যে বিতরণ শুরু হয়। রাত দেড়টার দিকে কর্মচারীরা খাবার খেতে গেলে স্থানীয় ট্রাকচালক আবদুল ওহাব তাৎক্ষণিকভাবে তেল দেওয়ার দাবি জানান। তাকে কিছুক্ষণ অপেক্ষা করতে বললে তিনি ক্ষিপ্ত হয়ে ক্যাশ রুম ও ব্যবস্থাপকের কক্ষে ভাঙচুর চালান। এতে দুটি কক্ষের মালামাল তচনছ হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই অভিযুক্ত ব্যক্তি পালিয়ে যান।


এ বিষয় কানন ফিলিং স্টেশনের ম্যানেজার ফজের আলী বলেন, তেল পেতে সামান্য দেরি হওয়ায় চালক ভাঙচুরের পাশাপাশি তাকে লাঞ্ছিত করেন। তিনি ঘটনার বিচার দাবি করেন।


ফিলিং স্টেশনের মালিক ধীরেন সাহা জানান, ঘটনার পর পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। হামলাকারীর শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত তেল বিক্রি বন্ধ থাকবে।


নাটোর সদর থানার অফিসার ইনচার্জ মনসুর রহমান জানান, ফিলিং স্টেশন কর্তৃপক্ষ এখনও কোন অভিযোগ দেননি। পুলিশ অভিযুক্ত ব্যক্তি গ্রেপ্তারের জোর তৎপরতা চালিয়ে যাচ্ছে।