মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬

সিংড়ায় পুকুরেই নিভে গেল দুই ভাইয়ের জীবন

সিংড়া প্রতিনিধি ১৭ এপ্রিল ২০২৬ ১০:০৮ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সিংড়া প্রতিনিধি ১৭ এপ্রিল ২০২৬ ১০:০৮ অপরাহ্ন
সিংড়ায় পুকুরেই নিভে গেল দুই ভাইয়ের জীবন
ফাইল ছবি

নাটোরের সিংড়ায় পুকুরে ডুবে তামিম (১২) ও ফাহিম (১৩) নামে আপন দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে উপজেলার ডাহিয়া ইউনিয়নের বড় আদিমপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত দুই শিশু ওই গ্রামের প্রবাসী আব্দুল মমিনের ছেলে।


এলাকাবাসী ও পরিবার সূত্রে জানা যায়, বাবা প্রবাসে থাকার কারণে তামিম ও ফাহিম তাদের মায়ের সঙ্গে নানা বাড়িতে বসবাস করত। শুক্রবার দুপুরে দুই ভাই বাড়ির পাশের পুকুরপাড়ে খেলা করছিল। খেলার এক পর্যায়ে অসাবধানবশত তারা পুকুরের পানিতে পড়ে ডুবে যায়।


এদিকে, দীর্ঘ সময় সন্তানদের দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন এবং আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশের পুকুরে তাদের নিথর দেহ ভাসতে দেখা যায়। প্রতিবেশীদের সহায়তায় দুই ভাইকে উদ্ধার করে দ্রুত সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের দুজনকেই মৃত ঘোষণা করেন।


সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম জানান, পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যুর খবরে  এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের পরিবারের সঙ্গে কথা বলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।