শনিবার, এপ্রিল ১৮, ২০২৬

ঈশ্বরদীতে কৃষকের উঠানে কৃষক প্রশিক্ষণ

ঈশ্বরদী প্রতিনিধি ১৭ এপ্রিল ২০২৬ ১০:১৬ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
ঈশ্বরদী প্রতিনিধি ১৭ এপ্রিল ২০২৬ ১০:১৬ অপরাহ্ন
ঈশ্বরদীতে কৃষকের উঠানে কৃষক প্রশিক্ষণ

সামগ্রিকভাবে দেশে ধানের চাহিদা ক্রমেই বাড়ছে। ধানের চাহিদা পুরন করতে হলে উৎপাদন বৃদ্ধি করার বিকল্প পথ নেই। হাইব্রিড জাতের ধান চাষ ও উৎপাদন বৃদ্ধির ওপর গুরুত্ব আরোপ করে এবার কৃষকের উঠানে কৃষকদের প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।


গ্রামের প্রান্তিক কৃষকদের এ বিষয়ে হাতে কলমে প্রশিক্ষণ দিয়ে ক্রমবর্ধমান হারে ধানের উৎপাদন বৃদ্ধি করতে বিভিন্ন গ্রামের শতাধিক কৃষকদের প্রশিক্ষিত করতে পাবনার ঈশ্বরদীতে ‘কৃষকের উঠানে কৃষকদের প্রশিক্ষণ’ দেওয়া হয়। হাইব্রিড ধান উৎপাদনের কলাকৌশল ও সার প্রয়োগের মাত্রা নির্ধারণ করে এই কর্মশালায় ধানের উৎপাদন বৃদ্ধিতে প্রাধান্য দেওয়া হয়েছে কৃষকের ভূমিকাকেই।


বগুড়া অঞ্চলের ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজ এর পক্ষ থেকে শুক্রবার পাবনার ঈশ্বরদীর দাশুড়িয়া ইউনিয়নের কামালপুর খাঁরজানী গ্রামের প্রান্তিক কৃষক তোরাব আলী বিশ্বাস এর উঠানে এই কৃষক প্রশিক্ষণ কর্মশালা ও ধানের বীজ বিতরণ অনুষ্ঠিত হয়।


কর্মশালায় ডা. মো. আরশাদ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঈশ্বরদী উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. আব্দুল মমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজ এর বগুড়া অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক মানিক রাহা, পাবনার টিএসও সুমন সাহা, এএসও মো. ইমরান হোসেন, দাশুড়িয়ার ডিলার মো. কামাল হোসেন, রাষ্ট্রীয় পদক ও পুরষ্কারপ্রাপ্ত কৃষক আকমল হোসেন।


এছাড়া বাজার ব্যবস্থাপক মুনছুর আলী, ইমরান শেখ, বিভিন্ন গ্রাম থেকে আগত কৃষক মো. ফারুক, আব্দুর রাজ্জাক, তায়াজ্জুল সরদার, আরব আলী প্রামানিক, রাহাত আলী, লুৎফর প্রামানিক, বাদশা প্রামানিক, মো. নাছিম, মন্টু প্রামানিক, জাহিদ হোসেন, সাগর মালিথা, সিরাজুল ইসলাম, মোজাম আলী, আব্দুল করিম, জহুরুল ইসলাম, লতিফ বিশ্বাস, রেজাউল করিম, নজরুল ইসলাম, রাজ আলী, আব্দুল মতিন, আব্দুল খালেক, কামাল সরদার, কাশেম প্রামানিক, কীটনাশক ডিলার আনিসুর রহমান প্রমুখ বক্তব্য দেন। কর্মশালায় ও মতবিনিময় শেষে স্থানীয় ধান চাষীদের মাঝে বিনামূল্যে উচ্চ ফলনশীল হাইব্রিড ধানের বীজ বিতরণ করা হয়। 


কৃষকের উঠানে কৃষকদের এ ধরনের প্রশিক্ষনের এ আয়োজন নিয়ে উপস্থিত কৃষকদের ভাষ্য, এই প্রথম এ গ্রামে কৃষকের বাড়িতে এসে ধান উৎপাদন বৃদ্ধির কলাকৌশল নিয়ে তাদের হাতে কলমে প্রশিক্ষণ প্রদান করা হলো। এই প্রশিক্ষণ ও কর্মশালা থেকে আহরিত অভিজ্ঞতা কাজে লাগিয়ে তারা আগামীতে হাইব্রিড ধানের উৎপাদন বাড়াতে পারবেন বলে মনে করেন। 


উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আব্দুল মমিন বলেন, দেশে ক্রমবর্ধমান হারে ধানের চাহিদা বৃদ্ধি পাচ্ছে, সে কারনে ধানের উৎপাদন বৃদ্ধি করার কলাকৌশল রপ্ত করার মধ্য দিয়ে ধানের চাহিদা পুরণ করতে কৃষদের এই প্রশিক্ষণ কার্যকর ভূমিকা রাখবে।