শিবগঞ্জে ভিমরুলের আক্রমণে পুকুরে ঝাঁপ দিয়েও প্রাণ গেল বৃদ্ধের, আহত ১০
শিবগঞ্জ উপজেলায় ভিমরুলের কামড়ে সেরাজুল ইসলাম (৬৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও ১০ জনের আহত হয়েছেন। যাদের মধ্যে দু‘জনের অবস্থা গুরুতর। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার কানসাট ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের কারবালা পুকুরপাড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সেরাজুল ইসলাম উপজেলার সেলিমাবাদ গ্রামের আবেদ আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সেরাজুল ইসলাম পাওয়ার টিলারযোগে বাড়ি ফিরছিলেন। একই সময় শিবগঞ্জ উপজেলা পরিষদের কর্মচারী মোরসালিন ও শাহিন কাদের মোটরসাইকেলে করে যাচ্ছিলেন। এ সময় হঠাৎ অসংখ্য ভিমরুল তাদের ওপর আক্রমণ করে। আত্মরক্ষার্থে তারা পাশের পুকুরে ঝাঁপ দেন।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক সেরাজুল ইসলামকে মৃত ঘোষণা করেন। অপর দু‘জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়াও এ ঘটনায় আরও অন্তত ১০ জন স্থানীয় বাসিন্দা ভিমরুলের কামড়ে আহত হয়েছেন।
শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামাল উদ্দিন জানান, ভিমরুলের কামড়ে আক্রান্ত তিনজনকে হাসপাতালে আনা হয়। এর মধ্যে সেরাজুল ইসলাম হাসপাতালে পৌঁছানোর আগেই মারা যান। অপর দু‘জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। স্থানীয় বাসিন্দারা দ্রুত ভিমরুলের বাসা অপসারণসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।