শনিবার, এপ্রিল ১৮, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে হামে আক্রান্ত শুধু শিশুরাই নয়, হামের উপসর্গ দেখা যাচ্ছে প্রাপ্ত বয়স্কদের মাঝে

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ১৭ এপ্রিল ২০২৬ ১০:২৩ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ১৭ এপ্রিল ২০২৬ ১০:২৩ অপরাহ্ন
চাঁপাইনবাবগঞ্জে হামে আক্রান্ত শুধু শিশুরাই নয়, হামের উপসর্গ দেখা যাচ্ছে প্রাপ্ত বয়স্কদের মাঝে

চাঁপাইনবাবগঞ্জে হাম নিয়ে আরও একটি নতুন খবর। শুধু শিশুরাই নয়, হামের উপসর্গ দেখা যাচ্ছে প্রাপ্তবয়স্কদেরও। এরইমধ্যেই তারা  হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাও নিচ্ছেন। হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি শিশুদের অর্ধেকের বেশির বয়স ৯ মাসের নিচে। যারা এখনো টিকা কার্যাক্রমের আওতায় আসেনি।  


চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক মোহাম্মদ মশিউর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন। 


জেলা হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও ২১ জন ভর্তি হয়েছেন।  


বর্তমানে ওই হাসপাতালে হামের উপসর্গ নেয়া মোট ৬৪ জন। এ নিয়ে ১ মার্চ থেকে আজ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছে মোট ৭৩৫ জন। 


হাসপাতালের তত্ত্বাবধায়ক মশিউর রহমান বলেন, ‘উদ্বেগের বিষয় হচ্ছে এখন প্রাপ্ত বয়স্করা হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন। আমরা এতদিন প্রাপ্তবয়স্কদের হামের ঝুঁকি থেকে বাইরে রেখেছিলাম। কিন্তু কয়েকদিনে হাসপাতালে ভর্তি রোগীদের প্রায় আট শতাংশ প্রাপ্তবয়স্ক।’ তিনি আরও বলেন, ‘আমাদের পর্যবেক্ষন হচ্ছে- হাম এখন আর তার প্যাটার্ন ফলো করছে না। সব ধরনের মানুষকে কমবেশি আক্রান্ত করছে।’


হাসপাতালের তত্ত্ববধায়ক আরও বলেন, হাসপাতালে চিকিৎসা নিতে আসা শিশুদের ৫২ শতাংশের বয়স ৯ মাসের নিচে। ফলে এখনো তারা টিকা কার্যক্রমের আওতায় আসে নি। এসব শিশুরাই বেশি ঝুঁকির মধ্যে রয়েছে। 


কোন এলাকা থেকে বেশি রোগী আসছে –এমন প্রশ্নের উত্তরে মোহাম্মদ মশিউর রহমান বলেন, জেলার সব উপজেলা থেকেই হামের উপসর্গ নিয়ে রোগী আসছে হাসপাতালে। তবে  চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জ উপজেলা থেকে বেশী রোগী চিকিৎসা নিচ্ছেন।