রাজশাহী নার্সিং কলেজে অধ্যক্ষ নিয়োগের দাবিতে মানববন্ধন
রাজশাহী নার্সিং কলেজ (আরএনসি) প্রায় তিন মাস ধরে অধ্যক্ষবিহীন থাকায় প্রশাসনিক অচলাবস্থা তৈরি হয়েছে। দ্রুত অধ্যক্ষ নিয়োগের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছেন কলেজটির শিক্ষার্থীরা।
শনিবার (১৮ এপ্রিল) বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কলেজ প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগানের মাধ্যমে তাদের দাবির প্রতি দৃষ্টি আকর্ষণ করেন।
শিক্ষার্থীরা জানান, দীর্ঘদিন ধরে অধ্যক্ষ না থাকায় কলেজে নানা ধরনের সমস্যা তৈরি হয়েছে। প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণে জটিলতা, স্টাফদের বেতন বন্ধ থাকা এবং শিক্ষার্থীদের স্টাইপেন্ড না পাওয়া—এসব কারণে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে।
কর্মসূচিতে স্টুডেন্ট ওয়েলফেয়ার অর্গানাইজেশন তিন দিনের আল্টিমেটাম ঘোষণা করে। সংগঠনটির সভাপতি রাশিদুল ইসলাম বলেন,৭২ ঘণ্টার মধ্যে অধ্যক্ষ নিয়োগ না দিলে আমরা আরও কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবো।
শিক্ষার্থীদের দাবির প্রতি সংহতি প্রকাশ করে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নার্সিং অনুষদের শিক্ষার্থীদের সংগঠন ব্রাইট লাইফ ভলান্টিয়ার্স। সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি আমানুল্লাহ আমান বলেন, শিক্ষার্থীদের দাবি যৌক্তিক। দ্রুত অধ্যক্ষ নিয়োগ দিয়ে শিক্ষা কার্যক্রম স্বাভাবিক করা জরুরি। অন্যথায় শিক্ষার্থীদের ক্ষতির দায় সংশ্লিষ্টদেরই নিতে হবে।
শিক্ষার্থীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, নির্ধারিত সময়ের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে তারা আরও জোরালো কর্মসূচি ঘোষণা করবেন।