শনিবার, এপ্রিল ১৮, ২০২৬

পুঠিয়ায় দুইটি মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা

পুঠিয়া (রাজশাহী)প্রতিনিধিঃ ১৮ এপ্রিল ২০২৬ ০১:৪২ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
পুঠিয়া (রাজশাহী)প্রতিনিধিঃ ১৮ এপ্রিল ২০২৬ ০১:৪২ অপরাহ্ন
পুঠিয়ায় দুইটি মোবাইল কোর্টের মাধ্যমে  জরিমানা

নিত্য প্রয়োজনীয় পণ্যে কৃত্রিম সংকট তৈরি থেকে শুরু করে ফসলি জমির ক্ষতি, দুই ধরনের অনিয়মের বিরুদ্ধেই একদিনে কড়া পদক্ষেপ নিল পুঠিয়া উপজেলা প্রশাসন। 

পৃথক এই দুই অভিযানে মোট ১ লাখ ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

শুক্রবার বিকেল থেকে গভীর রাত পর্যন্ত টানা অভিযান চালান পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লিয়াকত সালমান। 

প্রশাসন সূত্রে খবর, প্রথমে বিকেল সাড়ে ৪টা নাগাদ ধোপাপাড়া বাজারে হানা দেয়। সেখানে এক ব্যবসায়ীর বিরুদ্ধে তেল মজুত করে বেশি দামে বিক্রির অভিযোগের প্রমাণ মেলে। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী মোবাইল কোর্টের মাধ্যমে তাঁকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। উদ্ধার হওয়া ৭ ব্যারেল ডিজেল পরে স্থানীয় কৃষকদের মধ্যে ন্যায্যমূল্যে বিলি করা হয়।

এরপর রাত সাড়ে ১০টার দিকে পালোপাড়া এলাকায় অভিযোগের ভিত্তিতে সেখানে ফসলি জমির মাটি কাটা হচ্ছিল বেআইনিভাবে এমন খবর পেয়ে ঘটনা স্থলে ছুটে যান ইউএনও লিয়াকত সালমান মিলে সত্যতা। বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী সংশ্লিষ্ট ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

প্রশাসনের দাবি, বাজারে কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়ানো কিংবা কৃষিজমির ক্ষতি, দুটিই জনস্বার্থের পরিপন্থী। 

পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসার লিয়াকত সালমান জানান, “এই ধরনের অনিয়ম বরদাস্ত করা হবে না। প্রয়োজন হলে আরও কড়া ব্যবস্থা নেওয়া হবে।”

স্থানীয় মহলের একাংশের মতে, সাম্প্রতিক সময়ে তেল মজুত ও জমির মাটি কাটার মতো অভিযোগ বেড়েছে। 

উপজেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে এই ধরনের নজরদারি ও মোবাইল কোর্ট অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। #