মঙ্গলবার, এপ্রিল ২৮, ২০২৬

স্বামীর প্রশংসা করার দিন আজ

সোনার দেশ ২৫ এপ্রিল ২০২৬ ০২:৩৯ অপরাহ্ন জীবনশৈলী
সোনার দেশ ২৫ এপ্রিল ২০২৬ ০২:৩৯ অপরাহ্ন
স্বামীর প্রশংসা করার দিন আজ

সংসার এক বিশাল ক্যানভাস। সেখানে স্ত্রী যেমন রঙের ছোঁয়া দেন, স্বামীরা তেমনি ক্যানভাসটিকে ফ্রেমের মতো শক্ত করে ধরে রাখেন। তাই, একটি সুখী সংসারের জন্য স্বামী-স্ত্রী উভয়ের অবদানই সমান গুরুত্বপূর্ণ। বিশেষ করে যে মানুষটি পরিবারকে তার শীতল ছায়ার আগলে রাখেন, আজ সেই আড়ালে থাকা মানুষটিকে ধন্যবাদ বলার দিন। 


প্রতি বছর এপ্রিলের তৃতীয় শনিবার বিশ্বজুড়ে পালিত হয় ‘হাজব্যান্ড অ্যাপ্রিসিয়েশন ডে’ বা ‘স্বামী প্রশংসা দিবস’। আজ ২৫ এপ্রিল সেই বিশেষ দিন।



উৎপত্তি ও প্রেক্ষাপট

এই দিবসটির সূচনা মূলত পশ্চিমা দেশগুলোতে। ধারণা করা হয়, বিংশ শতাব্দীর শেষ দিকে ‘ফাদার্স ডে’ বা বাবা দিবসের পরিপূরক হিসেবে দিনটি পালন শুরু হয়। বিশেষ করে যে সকল দম্পতির সন্তান নেই, তারা যেন জীবনসঙ্গীর ত্যাগের স্বীকৃতি দেওয়ার একটি বিশেষ সুযোগ পান, সেই চিন্তা থেকেই এই দিবসের উদ্ভব। তবে সময়ের সাথে সাথে এটি এখন বিশ্বজুড়ে সব দম্পতির কাছেই জনপ্রিয় হয়ে উঠেছে।


কেন এই উদযাপন

আমাদের সামাজিক প্রেক্ষাপটে স্বামীদের পরিশ্রমকে অনেক সময়ই কেবল ‘কর্তব্য’ হিসেবে দেখা হয়। পরিবারের আর্থিক ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে গিয়ে তারা যে মানসিক ও শারীরিক চাপের মধ্য দিয়ে যান, তার প্রশংসা খুব কমই করা হয়। মনোবিজ্ঞানীদের মতে, স্বামী-স্ত্রীর মধ্যকার সম্পর্কের গভীরতা কেবল ভালোবাসা নয়, বরং একে অপরের কাজের স্বীকৃতির ওপরও নির্ভর করে। কিন্তু কর্মক্ষেত্রে থেকে শুরু করে ব্যক্তগত জীবন-সব জায়গায় কাজের প্রশংসা মানুষের অনুপ্রেরণা বাড়িয়ে দেয়। 


উদযাপন হোক অনুভবে

দামী কোনো উপহার কি খুব প্রয়োজন? বিশেষজ্ঞরা বলছেন, না। বিলাসবহুল আয়োজনের চেয়ে ছোট ছোট উদ্যোগই আজকের দিনটিকে সার্থক করে তুলতে পারে:


কৃতজ্ঞতা প্রকাশ: তাকে সরাসরি একটি ‘ধন্যবাদ’ দিন। তিনি আপনার জীবনের জন্য কতটা জরুরি, তা আজ স্পষ্টভাবে জানান।


পছন্দের খাবার তৈরি: তার প্রিয় কোনো খাবার রান্না করা বা একসঙ্গে ডিনার করা হতে পারে দারুণ এক উপহার।


একটু বাড়তি সময়: ব্যস্ততার ভিড়ে আজ না হয় কিছুটা সময় কেবল নিজেদের মতো করে কাটালেন।


স্মৃতির অ্যালবাম: ব্যস্ততায় আমরা পেছনে তাকাতে ভুলে যাই। আজ একসাথে বসে বিয়ের শুরুর দিনগুলোর ছবি বা ভিডিও দেখা যেতে পারে। পুরোনো হাসিগুলো নতুনভাবে ফিরে আসুক। 


গবেষণায় দেখা গেছে, যেসব দম্পতি একে অপরের কাজের নিয়মিত প্রশংসা করেন, তাদের বৈবাহিক জীবন অন্যদের তুলনায় অনেক বেশি স্থায়ী ও সুখের হয়। বছরজুড়ে স্বামীরা যেভাবে আস্থার দেয়াল হয়ে পাশে থাকেন, আজকের দিনে সেই মানুষটির মুখে এক চিলতে হাসি ফোটানোই হোক মূল লক্ষ্য।