‘‘টেন ম্যাপস দ্যাট টেল ইউ এভরিথিং ইউ নিড টু নো অ্যাবাউট গ্লোবাল পলিটিক্স”
অধ্যায় ৭: ভারত ও পাকিস্তান (হিমালয় ও সিন্ধু)
ভারত ও পাকিস্তানের মধ্যকার চিরস্থায়ী দ্বন্দ্বকে মার্শাল কঠিন ভৌগোলিক বাস্তবতার নিরিখে বিশ্লেষণ করেছেন। মার্শালের মতে, কাশ্মীরের নিয়ন্ত্রণ কেবল ভূখণ্ড দখলের লড়াই নয়, বরং এটি ‘ওয়াটার সিকিউরিটি’ বা পানি-নিরাপত্তার প্রশ্ন। হিমালয়ের হিমবাহ ও সিন্ধু নদের উৎস নিয়ন্ত্রণই পাকিস্তানের জন্য অস্তিত্ব রক্ষার প্রধান শর্ত।
পশ্চিম সীমান্তের ‘ডুরান্ড লাইন’-এর ওপর আলোকপাত করে মার্শাল দেখিয়েছেন যে ১৮৯৩ সালে ব্রিটিশদের দ্বারা অঙ্কিত এই কৃত্রিম সীমান্ত পশতুন জাতিকে দুই ভাগে বিভক্ত করে দিয়েছে, যা ভৌগোলিক বাধ্যবাধকতার এক চরম দৃষ্টান্ত এবং আজও পাকিস্তান ও আফগানিস্তানের “আন্তঃসীমান্ত অস্থিরতার”প্রধান ভৌগোলিক উৎস।
পাকিস্তানের জন্য অন্য একটি বড় কৌশলগত দুশ্চিন্তা হলো তার উপকূলরেখা এবং উষ্ণ জলের বন্দরের সীমাবদ্ধতা। পাকিস্তানের প্রধান বন্দর করাচি ভারতের সীমান্তের অত্যন্ত কাছে হওয়ায় তা সামরিকভাবে অত্যন্ত ঝুঁকিপূর্ণ, ফলে চীনের সহায়তায় নির্মিত গদর বন্দরটি পাকিস্তানের জন্য এক নতুন আশার আলো হয়ে এলেও, এটি বেলুচিস্তানের অভ্যন্তরীণ বিদ্রোহ এবং বিশাল দূরত্বের কারণে নতুন এক নিরপত্তার সংকটে রূপ নিয়েছে।
মার্শাল দেখিয়েছেন যে, সিন্ধু নদের প্রবাহ আর কৃত্রিম সীমান্তের অভিশাপ এই দুই প্রতিবেশীকে এমন এক ভৌগোলিক চক্রে আবদ্ধ করেছে, যা থেকে মুক্তি পাওয়া প্রায় অসম্ভব। সাম্প্রতিক সময়ে পানিবণ্টন এবং সীমান্ত-অতিক্রমী অস্থিতিশীলতার পুনরাবৃত্তি মার্শালের এই ভূ-রাজনৈতিক বিশ্লেষণকেই প্রমাণ করে।
অধ্যায় ৮: কোরিয়া ও জাপান (অসম ভূগোল ও বন্দিত্ব)
পূর্ব এশিয়ার মানচিত্র বিশ্লেষণে মার্শাল দেখিয়েছেন যে, ৩৮তম সমান্তরাল রেখা (৩৮ঃয চধৎধষষবষ) কেবল দুই আদর্শকে নয়, বরং একটি জাতিকে ভৌগোলিক অসমতার ভিত্তিতে বিভক্ত করে দিয়েছে। এই রেখাটি এমন এক জায়গায় টানা হয়েছে যা কোনো প্রাকৃতিক বাধা (যেমন পাহাড় বা নদী) অনুসরণ করে না, ফলে এটি বিশ্বের অন্যতম অস্থিতিশীল সীমান্ত হয়ে রয়েছে। মার্শাল উল্লেখ করেছেন যে, পাহাড়ি ভূগোলই উত্তর কোরিয়াকে একটি ‘দুর্ভেদ্য দুর্গের’ সুবিধা দেয়, যেখানে দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউল সীমান্ত থেকে মাত্র ৩০ মাইল দূরে এবং উত্তর কোরিয়ার আর্টিলারি বা কামানের নাগালের মধ্যে। চীনের ‘বাফার জোন’ নীতিতে মার্শাল দেখিয়েছেন, চীনের কাছে উত্তর কোরিয়া একটি অপরিহার্য ‘কৌশলগত বাফার জোন’, যা মার্কিন-মিত্র একীভূত কোরিয়া গঠনে বাধা দেয়।
অন্যদিকে, জাপানের দ্বীপরাষ্ট্রের সীমাবদ্ধতা তাকে সমুদ্র-নির্ভর করে তুলেছে। মার্শালের মতে, এই নির্ভরতাই জাপানকে ঐতিহাসিকভাবে একটি শক্তিশালী নৌবাহিনী গড়ে তুলতে এবং আধুনিককালে মার্কিন নৌবাহিনীর সাথে জোটবদ্ধ হতে বাধ্য করেছে। সেনকাকু বা কুরিল দ্বীপপুঞ্জ নিয়ে রাশিয়ার ও চীনের সাথে জাপানের বিরোধ কেবল মাটির লড়াই নয়, বরং তা প্রশান্ত মহাসাগরে অবাধ যাতায়াত এবং সমুদ্রের তলদেশের সম্পদ নিয়ন্ত্রণের লড়াই। প্রশান্ত মহাসাগরে চীনের আধিপত্য ঠেকাতে জাপানের ভৌগোলিক অবস্থান এক ধরনের “অবরোধ রেখা” হিসেবে কাজ করে। জাপানের জন্য মার্কিন জোট তাই কোনো রাজনৈতিক বিলাসিতা নয়, বরং মানচিত্রের দেওয়া এক কঠিন বাধ্যবাধকতা।
অধ্যায় ৯: ল্যাটিন আমেরিকা (প্রকৃতির দেয়াল)
ল্যাটিন আমেরিকার অনুন্নয়নের মূলে এর ভূগোলকেই দায়ী করেছে টিম মার্শাল। একদিকে দীর্ঘ আন্দিজ পর্বতমালা, অন্যদিকে দুর্ভেদ্য আমাজন রেইনফরেস্ট -এই দুই প্রাকৃতিক দেয়াল দেশগুলোকে একে অপরের থেকে বিচ্ছিন্ন করে রেখেছে। উত্তর আমেরিকার মতো এখানে কোনো সংযুক্ত অভ্যন্তরীণ নদী ব্যবস্থা না থাকার কারণে বাণিজ্য সম্প্রসারণও সহজ নয়।
অধিকাংশ বড় শহর উপকূলীয় অঞ্চলে সীমাবদ্ধ থাকায় দেশের অভ্যন্তরে অবকাঠামো পৌঁছানো সম্ভব হয়নি। মার্শাল দেখিয়েছেন যে, ভূগোলের এই প্রতিকূলতাই ল্যাটিন আমেরিকাকে বৈশ্বিক ভূ-রাজনীতির মূল কেন্দ্র থেকে দূরে সরিয়ে রেখেছে। এছাড়া পানামা খালের কৌশলগত গুরুত্ব এবং বহিঃশক্তির (বিশেষ করে চীন ও যুক্তরাষ্ট্র) প্রভাব বিস্তারের লড়াই এই অঞ্চলের মানচিত্রকে আরও জটিল করে তুলেছে। মার্শালের বিশ্লেষণে এটি স্পষ্ট যে, ল্যাটিন আমেরিকা কেবল অভ্যন্তরীণ দ্বন্দ্বে নয়, বরং তার নিজের ভূগোলের কাছেও বন্দি।
অধ্যায় ১০: অ্যান্টার্কটিকা (বরফের নিচে লুকানো ভবিষ্যৎ)
মার্শালের বিশ্লেষণে জলবায়ু পরিবর্তনের ফলে মেরু অঞ্চলের বরফ গলে যাওয়ায় অ্যান্টার্কটিকা এখন আগের চেয়ে অনেক বেশি উন্মুক্ত, যা পরাশক্তিদের জন্য খনিজ সম্পদের পথ প্রশস্ত করছে।
এই দৌড়ে মার্শাল রাশিয়াকে অনেক এগিয়ে রেখেছেন, কারণ তাদের রয়েছে শক্তিশালী ‘নিউক্লিয়ার পাওয়ারড আইসব্রেকার’ (ওপবনৎবধশবৎ) বহর, যা দিয়ে তারা দুর্ভেদ্য বরফ কেটে এগিয়ে যেতে পারে। ভৌগোলিক সুবিধাকে কাজে লাগিয়ে এবং আর্কটিকের গুরুত্ব বিবেচনায় গঠিত বিশেষায়িত ‘আর্কটিক আর্মি’র মাধ্যমে রাশিয়া আজ অ্যান্টার্কটিকায় এক প্রভাবশালী শক্তিতে পরিণত হয়েছে।
বিপরীতে, যুক্তরাষ্ট্রের মাত্র একটি কার্যকর আইসব্রেকার এবং আন্তর্জাতিক সমুদ্র আইন (টঘঈখঙঝ)-এ তাদের যুক্ত না হওয়া দেশটিকে এই অঞ্চলে কিছুটা পিছিয়ে দিয়েছে। মার্শাল ভবিষ্যৎবাণী করেছেন যে, অদূর ভবিষ্যতে এই সাদা মহাদেশে মূল্যবান খনিজ দখলের এক তীব্র প্রতিযোগিতা শুরু হবে যেখানে উচ্চ প্রযুক্তির সক্ষমতাই হবে প্রধান হাতিয়ার। তবে মার্শাল সতর্ক করেছেন যে, সম্পদের এই তীব্র আকাঙ্ক্ষা যেন যুদ্ধের রূপ না নেয়। তার মতে, অ্যান্টার্কটিকার এই বিশাল ঐশ্বর্যকে টেকসইভাবে কাজে লাগাতে হলে দেশগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা বজায় রাখা এখন সময়ের দাবি।
টিম মার্শালের ‘প্রিজনার্স অফ জিওগ্রাফি’ নিঃসন্দেহে বিশ্বরাজনীতি বোঝার ক্ষেত্রে এক নতুন দিগন্ত উন্মোচন করে। তিনি অত্যন্ত নিপুণভাবে দেখিয়েছেন যে, ভূগোল কীভাবে দেশগুলোর সিদ্ধান্ত গ্রহণ এবং জাতীয় নিরাপত্তার গতিপথ নির্ধারণ করে দেয়। যারা ভূগোলের সাথে রাজনীতির গভীর সংযোগ বুঝতে চান, তাদের জন্য এই বইটি একটি অমূল্য সম্পদ। তবে বিশ্বরাজনীতিকে পূর্ণাঙ্গভাবে বুঝতে হলে ভৌগোলিক সীমাবদ্ধতার পাশাপাশি মানবিক দৃষ্টিভঙ্গি, রাজনৈতিক আদর্শ এবং আন্তর্জাতিক প্রাতিষ্ঠানিক কাঠামোর প্রভাবও বিবেচনায় নেওয়া জরুরি। মানুষের উদ্ভাবনী শক্তি, কূটনীতি এবং মূল্যবোধও অনেক সময় ইতিহাসের মোড় ঘুরিয়ে দিতে পারে..!