রবিবার, জুন ২১, ২০২৬

রাবিতে উদ্ভাবিত রানীখেত রোগের ভ্যাকসিন ‘মাস্টার সিড’ হস্তান্তর

রাবি প্রতিবেদক ১১ জুন ২০২৬ ১১:৩৩ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
রাবি প্রতিবেদক ১১ জুন ২০২৬ ১১:৩৩ অপরাহ্ন
রাবিতে উদ্ভাবিত রানীখেত রোগের ভ্যাকসিন ‘মাস্টার সিড’ হস্তান্তর
রাবিতে রানীক্ষেত রোগের ভ্যাকসিন ‘মাস্টার সীড’ হস্তান্তর করেন উপাচার্য প্রফেসর মো. ফরিদুল ইসলাম

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) উদ্ভাবিত রানীখেত রোগের ভ্যাকসিন ‘মাস্টার সিড’ সরকারি প্রতিনিধি দলের কাছে হস্তান্তর করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (১১ জুন) বেলা সাড়ে ১২টায় প্রশাসন ভবন-১ এর কনফারেন্স কক্ষে আয়োজিত অনুষ্ঠানে ভ্যাকসিন হস্তান্তর করা হয়। 

প্রাণিসম্পদ অধিদপ্তর, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের পক্ষে রাজশাহী বিভাগীয় প্রাণিসম্পদ কার্যালয়ের পরিচালক ডা. আনন্দকুমার অধিকারী ও প্রাণিসম্পদ গবেষণা প্রতিষ্ঠান, ঢাকার রানীখেত ভ্যাকসিন অনুবিভাগের প্রিন্সিপাল সায়েন্টিফিক অফিসার ডা. তাহমিনা বেগম ভ্যাকসিন ‘মাস্টার সিড’ গ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপাচার্য প্রফেসর মো. ফরিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মো. আব্দুল আলিম, উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মামুনুর রশীদ ও ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস অনুষদের অধিকর্তা প্রফেসর খন্দকার মো. মোজাফফর হোসেন। সংশ্লিষ্ট প্রকল্প পরিচালক ড. শশি আহমদ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। 

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাবি উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম বলেন, মুরগির রানীখেত রোগের ভ্যাকসিন ‘মাস্টার সিড’ উদ্ভাবন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সম্পন্ন মৌলিক গবেষণার এক উজ্জ্বল উদাহরণ। প্রতি বছর আমাদের দেশে পোল্ট্রির যে প্রাণহানি ঘটে এই ভ্যাকসিনের মাধ্যমে তা রোধ করা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিনি আরো বলেন, রাবিতে ইন্ড্রাস্ট্রি-একাডেমিয়া কোলাবরেশনের যথেষ্ট সুযোগ রয়েছে। আমাদের দেশের সরকারি-বেসরকারি বিভিন্ন খাত উদ্ভাবনমূলক গবেষণার জন্য এগিয়ে এলে এই বিশ্ববিদ্যালয়ে তা সফলভাবে সম্পন্ন করা যাবে। ফলে বিভিন্ন ক্ষেত্রে প্রয়োজনীয় উদ্ভাবনগুলো দেশেরই সম্পন্ন করা সম্ভব হবে।

এই অনুষ্ঠানে অন্যদের মধ্যে কোষাধ্যক্ষ প্রফেসর মো. মতিয়ার রহমান, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ইফতিখারুল আলম মাসউদ, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর মো. আখতার হোসেন মজুমদারসহ সংশ্লিষ্ট অন্যরা উপস্থিত ছিলেন।