পবায় পেঁয়াজ বীজ উৎপাদন বাড়াতে বিনামূল্যে উপকরণ পেল ১২০ কৃষক
রাজশাহীর পবা উপজেলায় পেঁয়াজ বীজ উৎপাদন বাড়াতে ১২০ জন ক্ষুদ্র, প্রান্তিক ও মাঝারি কৃষকের মাঝে বিনামূল্যে পেঁয়াজ বীজ কন্দ, সার ও সংরক্ষণ পাত্রসহ বিভিন্ন কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। ২০২৫-২৬ অর্থবছরে কৃষি পুনর্বাসন সহায়তা খাতের আওতায় বৃহস্পতিবার (১১ জুন) বেলা ১২টার দিকে উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে এসব উপকরণ বিতরণ করা হয়। এ সময় নির্বাচিত কৃষকদের হাতে প্রণোদনার উপকরণ তুলে দেন পবা উপজেলা নির্বাহী অফিসার মো. ইবনুল আবেদীন।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, শীতকালীন পেঁয়াজ বীজ উৎপাদনের লক্ষ্যে উপজেলার ১২০ জন কৃষককে এই সহায়তা দেওয়া হয়েছে। নির্বাচিত প্রতিটি কৃষক ২০ শতক জমিতে পেঁয়াজ বীজ উৎপাদনের জন্য ১৬০ কেজি পেঁয়াজ বীজ কন্দ, ২০ কেজি ডিএপি সার, ২০ কেজি এমওপি সার ও একটি করে বীজ সংরক্ষণ পাত্র পেয়েছেন।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মো. ইবনুল আবেদীন বলেন, কৃষি উৎপাদন বাড়াতে সরকার কৃষকদের পাশে রয়েছে। জলবায়ু পরিবর্তন, প্রাকৃতিক দুর্যোগ ও বাজারের নানা চ্যালেঞ্জ মোকাবিলায় এ ধরনের পুনর্বাসন ও প্রণোদনা কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। পেঁয়াজ বীজ উৎপাদন বাড়লে স্থানীয় কৃষকেরা লাভবান হবেন এবং দেশের কৃষি অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ এম এ মান্নান বলেন, দেশে পেঁয়াজের উৎপাদন বাড়াতে মানসম্মত বীজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্রণোদনার মাধ্যমে কৃষকেরা কম খরচে পেঁয়াজ বীজ উৎপাদনের সুযোগ পাবেন। এতে একদিকে তাঁদের আয় বাড়বে, অন্যদিকে ভবিষ্যতে পেঁয়াজ বীজ আমদানির ওপর নির্ভরতা কমবে। তিনি আরও বলেন, এই সহায়তা পেঁয়াজ বীজ উৎপাদনে কৃষকদের আগ্রহ বাড়াবে এবং উৎপাদন খরচ কমাতে সহায়ক হবে। স্থানীয়ভাবে মানসম্মত পেঁয়াজ বীজ উৎপাদন বাড়ানো গেলে কৃষকের লাভের পাশাপাশি বাজারেও ইতিবাচক প্রভাব পড়বে।
কৃষি অফিসের তথ্যমতে, এ কর্মসূচির আওতায় রাজশাহী জেলায় মোট ১ হাজার কৃষক সহায়তা পাবেন। এর মধ্যে পবা উপজেলায় ১২০ জন কৃষক প্রণোদনার আওতায় এসেছেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মেহেদী হাসান, উপজেলা নির্বাচন কর্মকর্তা মতিউর রহমান, উপজেলা মৎস্য কর্মকর্তা ওয়ালিউল্লাহ শাহ, পবা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সুলতান আহমেদসহ কৃষি বিভাগের কর্মকর্তা ও স্থানীয় কৃষকেরা।