পুঠিয়ায় স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
পুঠিয়া উপজেলায় ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’ উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী চিন্তা, বিজ্ঞানভিত্তিক প্রকল্প এবং সৃজনশীল ধারণা উপস্থাপন করে।
অনুষ্ঠানে শিক্ষার্থীরা আধুনিক প্রযুক্তি, পরিবেশবান্ধব উদ্ভাবন, কৃষি ও বিজ্ঞানভিত্তিক নানা প্রকল্প প্রদর্শন করে উপস্থিত অতিথি ও দর্শনার্থীদের মুগ্ধ করে। তরুণ প্রজন্মের মেধা, সৃজনশীলতা এবং উদ্ভাবনী সক্ষমতা বিকাশে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে অভিমত ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।
শুক্রবার (১২ জুন) সকালে পুঠিয়া উপজেলা অডিটোরিয়াম হল রুমে উপজেলা নির্বাহী অফিসার লিয়াকত সালমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী -৫ পুঠিয়া দুর্গাপুর আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল।
তিনি শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক, প্রযুক্তিনির্ভর ও উদ্ভাবনী চিন্তায় উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান। পাশাপাশি তিনি বলেন, বর্তমান বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে তরুণদের গবেষণা, বিজ্ঞান ও প্রযুক্তি চর্চার বিকল্প নেই। ভবিষ্যতে দেশ গঠন ও উন্নয়নে শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ অবদান থাকবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণ, সৃজনশীল উপস্থাপনা এবং ব্যতিক্রমী উদ্ভাবনী প্রকল্পে অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে পরিণত হয়। এই কার্যক্রমে ১২ শিক্ষা প্রতিষ্টান প্রতিযোগিতাই অংশ নেয়। অংশ গ্রহণকারী শিক্ষা প্রতিষ্টানকে যাচাই বাছাই করে প্রথম হয় পুঠিয়া সরকারি পিএন উচ্চ বিদ্যালয়, দ্বিতীয় হয় বানেশ্বর ইসলামীয়া উচ্চ বিদ্যালয় এবং তৃতীয় বিড়ালদহ বালিকা উচ্চ বিদ্যালয়কে পুরস্কার দেওয়া হয়। উপস্থিত শিক্ষক, অভিভাবক ও অতিথিরা শিক্ষার্থীদের এমন উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার লায়লা আকতার জাহান, পুঠিয়া পৌরসভার সাবেক মেয়র আসাদুল হক আসাদসহ প্রমূখ।