ধামইরহাট সীমান্তে হত্যা-পুশইন ও ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে জামায়াতের বিক্ষোভ মিছিল
ধামইরহাট উপজেলার ভারত সীমান্ত দিয়ে পুশইন, সীমান্ত হত্যা এবং বাংলাদেশের সার্বভৌমত্বের ওপর ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১২ জুন) বিকেলে উপজেলার আমাইতাড়ার মোড় থেকে নওগাঁ জেলা ১১ দলীয় ঐক্য জোটের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর নওগাঁ-২ (ধামইরহাট-পত্নীতলা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোঃ এনামুল হক।
নওগাঁ জেলা জামায়াতের আমির খন্দকার আব্দুর রাকিবের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, নওগাঁ জেলা জামায়াতে নায়েবে আমির অধ্যাপক মহিউদ্দীন, জেলা জামায়াতের সেক্রেটারি এ্যাড. আ. স. ম সায়েম, সহ সেক্রেটারি মারুফ আহমেদ, উপজেলা জামায়াত আমির কামরুজ্জামান জুয়েল, নওগাঁ জেলা এনসিপির যুগ্ম আহ্বায়ক দেওয়ান মাহবুব সোহাগ, নওগাঁ জেলা এলডিপির যুগ্ম আহ্বায়ক শাহান শাহ্ চিশতী, নওগাঁ জেলা খেলাফত মজলিসে সভাপতি আব্দুর রহমান, উপজেলা যুব বিভাগের ভারপ্রাপ্ত সভাপতি আবু সালেহ মুসা মুন্না, প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, সীমান্তে বাংলাদেশি নাগরিকদের ওপর নির্যাতন, হত্যা এবং জোরপূর্বক পুশইনের ঘটনা দেশের সার্বভৌমত্ব ও মানবাধিকারের জন্য হুমকিস্বরূপ। বাংলাদেশের স্বাধীনতা ও মর্যাদা রক্ষায় দেশের জনগণকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তারা সীমান্তে হত্যা বন্ধ, অবৈধ পুশইন রোধ এবং কূটনৈতিকভাবে এসব সমস্যার স্থায়ী সমাধানের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান। এ সময় অংশগ্রহণকারীরা বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন এবং সীমান্তে শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান।