রবিবার, জুন ২১, ২০২৬

সবুজ বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়ে পবায় বৃক্ষরোপণ কর্মসূচি শুরু

নিজস্ব প্রতিবেদক ১৩ জুন ২০২৬ ০২:২৪ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নিজস্ব প্রতিবেদক ১৩ জুন ২০২৬ ০২:২৪ অপরাহ্ন
সবুজ বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়ে পবায় বৃক্ষরোপণ কর্মসূচি শুরু

রাজশাহীর পবায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে গাছ লাগানোর কার্যক্রম শুরু হয়েছে। শনিবার (১২ জুন) সকালে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ভিডিও কনফারেন্সের মাধ্যমে কক্সবাজারের চকরিয়ার ডুলাহাজারা সাফারি পার্ক ও পাতলী খাল পুনঃখনন প্রকল্প উদ্বোধনের পর স্মারক বৃক্ষরোপণ করেন। এর ধারাবাহিকতায় বেলা সাড়ে ১২টার দিকে পবা উপজেলা পরিষদ চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ গ্রহণ করেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাড. শফিকুল হক মিলন। এসময় উপজেলা পরিষদ চত্বরে বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।

একই সঙ্গে পবার বায়া ও মোহনপুর উপজেলা পরিষদ এলাকায়ও একই কর্মসূচি পালন করা হয়। আয়োজকেরা জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং সবুজায়ন বাড়াতে এ কর্মসূচি নেওয়া হয়েছে। কর্মসূচির আওতায় পবা উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি কার্যালয়, সড়কের পাশ, খোলা জায়গা ও সামাজিক প্রতিষ্ঠানের আঙিনায় পর্যায়ক্রমে গাছ লাগানো হবে। সংসদ সদস্য অ্যাড. শফিকুল হক মিলন বলেন, “আমাদের সরকার পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছে। সেই ধারাবাহিকতায় এ বছর সারা দেশে পাঁচ কোটি গাছ লাগানো হবে। শুধু গাছ লাগালেই হবে না, প্রতিটি গাছের যত্ন নিতে হবে। পরিবেশ রক্ষা, ছায়া, ফল ও অক্সিজেনের জন্য বৃক্ষরোপণের বিকল্প নেই। সবুজ ও সমৃদ্ধ সোনার বাংলাদেশ গড়তে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসতে হবে।”

পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনুল আবেদীন বলেন, “পবা উপজেলায় পাঁচ বছরে পাঁচ লাখ বৃক্ষরোপণের পরিকল্পনা নেওয়া হয়েছে। এই কর্মসূচি সফল করতে ইউনিয়ন পর্যায় পর্যন্ত সমন্বিতভাবে কাজ করা হবে। শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে এতে সম্পৃক্ত করা হবে। গাছ লাগানোর পাশাপাশি সেগুলো সংরক্ষণে স্থানীয়ভাবে দায়িত্ব বণ্টন করা হবে।

পরিবেশবান্ধব উপজেলা গড়তে প্রশাসন, জনপ্রতিনিধি ও সাধারণ মানুষকে একসঙ্গে কাজ করতে হবে।” অনুষ্ঠানে সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ মেহেদী হাসান, উপজেলা বন কর্মকর্তা আব্দুল মান্নান, পবা উপজেলা বিএনপির সদস্যসচিব আব্দুর রাজ্জাক, যুগ্ম আহ্বায়ক সুলতান আহমেদ, স্বেচ্ছাসেবী সংগঠন ব্রাইট লাইফ ভলান্টিয়ার্সের প্রতিষ্ঠাতা সভাপতি আমানুল্লাহ আমান, প্রচার সম্পাদক মাসুদ পারভেজসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মী, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং স্থানীয় স্বেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন।