নগরীতে নারীসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
রাজশাহী মহানগরীতে আরএমপি পুলিশ কমিশনারের প্রত্যক্ষ তত্ত্বাবধানে কাশিয়াডাঙ্গা থানা পুলিশ পৃথক মাদক বিরোধী অভিযান পরিচালনা করে নারীসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃতরা হলো, কাশিয়াডাঙ্গা থানার গোলজারবাগ গুড়িপাড়া গ্রামের মো: ওয়াজেদ আলীর ছেলে মো: মিলন (৩৮); একই থানা এলাকার মো: রহমানের মেয়ে ও মো: মিলনের স্ত্রী মোসা: রাকিবা খাতুন (৩৫) এবং একই থানার হড়গ্রাম নতুনপাড়া গ্রামের মৃত রুহুল আমিনের ছেলে মো: সুজন আলী (৩২)। সকলেই রাজশাহী মহানগরীর বাসিন্দা।
শুক্রবার (১২ জুন) সন্ধ্যা আনুমানিক ৬ টার দিকে কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম মুন্সিপাড়া এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনাকালে মাদক কারবারি মিলনকে গ্রেপ্তার করা হয়। তবে অভিযানের সময় অপর আসামি রাকিবা কৌশলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
পরবর্তীতে গ্রেপ্তারকৃত মিলনের দেওয়া তথ্যের ভিত্তিতে একই দিন রাত আনুমানিক সাড়ে ৯ টার দিকে কাশিয়াডাঙ্গা থানার গুড়িপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে পলাতক আসামি রাকিবাকে আটক করা হয়। এছাড়া একই তারিখ রাত আনুমানিক ১০ টার দিকে কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম রানীদিঘী এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে সুজনকে গ্রেপ্তার করা হয়।
অভিযানকালে গ্রেপ্তারকৃত মিলনের কাছ থেকে ৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ ১টি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল এবং ১টি মোবাইল ফোন জব্দ করা হয়। গ্রেপ্তারকৃত রাকিবার কাছ থেকে মাদক বিক্রির নগদ ১ লক্ষ ৯৩ হাজার ১শ টাকা উদ্ধার করা হয়। অপরদিকে, গ্রেপ্তারকৃত সুজনের কাছ থেকে ৭০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তারকৃত আসামিরা দীর্ঘদিন ধরে অবৈধ মাদকদ্রব্য সংগ্রহ করে রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিল।
উল্লেখ্য, গ্রেপ্তারকৃত আসামি মিলনের বিরুদ্ধে আরএমপি’র রাজপাড়া থানায় বিশেষ ক্ষমতা আইনে ১টি মামলা এবং রাকিবার বিরুদ্ধে আরএমপি’র কাশিয়াডাঙ্গা থানায় ২টি মাদক মামলা ও রাজশাহী জেলার গোদাগাড়ী থানায় বিশেষ ক্ষমতা আইনে ১টি মামলা চলমান রয়েছে।
গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।