বিশ্বকাপ ফুটবল স্মরণে বৃক্ষরোপণ
ফিফা ফুটবল বিশ্বকাপ নিয়ে যখন সারাবিশ্ব উন্মদনায় ভাসছেন তখন এই বিশ্বকাপকে স্মরণীয় করে রাখতে সমকাল সুহৃদ সমাবেশ ঈশ্বরদী ইউনিট ব্যতিক্রমী বৃক্ষরোপন কর্মসূচীর আয়োজন করে প্রসংশিত হয়েছে। ঈশ্বরদীর সুহৃদ খায়রুল ইসলাম সবুজের উদ্যোগে সপ্তাহজুড়ে ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ চত্বর, মার্কেট ও আশেপাশের যেসব জায়গায় গাছ নেই সেসব জায়গা খুঁজে খুঁজে আম, জাম, কাঁঠাল, কাঠ বাদাম, তেঁতুল, পেয়ারসহ বিভিন্ন গাছের চারা রোপন করা হয়।
দাশুড়িয়ার দাদপুর উচ্চ বিদ্যালয় মাঠে বৃক্ষরোপনের মাধ্যমে কর্মসূচী উদ্বোধন করেন দাদপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবলুর রহমান। অনুষ্ঠানে উপস্থিত কৃষক ও আগ্রহী ব্যক্তিদের বিনামূল্যে বিভিন্ন ফলের গাছ বিতরণ করা হয়।
এসময় ওই স্কুল মাঠে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্বটংরী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জমসেদ আলী, সিনিয়র শিক্ষক মো. মাজেদুল ইসলাম, শফিকুল ইসলাম, সাইফুল ইসলাম, শামিলপুর জামে মসজিদের ইমাম কবিরুল ইসলাম প্রমুখ। ব্যাতিক্রমী এ বৃক্ষরোপণ কর্মসূচীতে দাদপুর উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, শামিলপুর জামে মসজিদের মুসল্লী ও স্থানীয় স্থানীয় কৃষকবৃন্দ উপস্থিত ছিলেন। এ আয়োজনের অন্যতম উদ্যোক্তা সুহৃদ সদস্য খায়রুল ইসলাম বলেন, সবাই যখন বিশ্বকাপ ফুটবলের খেলা নিয়ে ব্যস্ত তখন আমার মনে হয়েছে এই উন্মাদনাকে মনে রাখতে বিশ্বকাপের স্মৃতি হিসেবে কিছু বৃক্ষরোপন করে সময়টাকে স্মরনীয় করে রাখা যেতে পারে।
সে চিন্তা থেকেই এই বৃক্ষরোপন কর্মসূচীর আয়োজন করা হয়। দাদপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবলুর রহমান বলেন, সমকাল সুহৃদ সমাবেশ সারা বছর বৃক্ষরোপনসহ নানা সামাজিক কাজ করে থাকেন যা আমরা নানা ভাবে জানতে পারি। কিন্তু বিশ্বকাপ ফুটবল নিয়েও যে বৃক্ষরোপন করা যেতে পারে তা সুহৃদ সমাবেশের এই উদ্যোগে আমরা বুঝতে পারলাম। সমকাল সুহৃদ সমাবেশের সভাপতি আর.কে. বাবু বলেন, অনেক সময় ছোটদের বুদ্ধি থেকেও ভালো কিছু কাজ হয়, সুহৃদ সদস্য খায়রুল ইসলামের সে চিন্তা থেকেই এ আয়োজন সম্ভব হয়েছে।