‘বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে লাল কার্ড’ শ্লোগানে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস ২০২৬ উদযাপন
বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষ্যে সচেতন নাগরিক কমিটি (সনাক), রাজশাহী’র উদ্যোগে এক আলোচনা সভা রবিবার (১৪ জুন) বিকাল ৩ টায় সনাক কার্যালয়ে অনুষ্ঠিত হয়। আলোচনা সভা পরবর্তী মানববন্ধন কর্মসূচি বিকাল ৪টায় আলুপট্টি মোড়ে আয়োজন করা হয়। কর্মসূচিসমূহের মূল শ্লোগান-‘বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে লাল কার্ড’।
সনাক, রাজশাহী’র সভাপতি প্রফেসর ড. দীপকেন্দ্র নাথ দাস এর সভাপতিত্বে আলোচনা সভা ও মানববন্ধনে সনাক, ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট (ইয়েস) সদস্যবৃন্দ এবং সমমনা বিভিন্ন প্রতিষ্ঠানের ব্যক্তিবৃন্দ অংশগ্রহণ করেন। সনাক সভাপতি বলেন, বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে লাল কার্ড নীতি গ্রহণ করতে হবে। তিনি আরো বলেন, বর্তমানে সারাদেশে ৩০-৩৫ লক্ষ শিশু শ্রমিক বিভিন্ন পেশায় কাজ করছে। জাতীয় সংসদে উত্থাপিত ২০২৬-২০২৭ অর্থ বছরের বাজেটে শিশু শ্রমিকদের নিরাপদ কর্মসংস্থানের জন্য বরাদ্দ রাখতে হবে।
আলোচনা সভা ও মানববন্ধনে আরো বক্তব্য রাখেন এডাব এর বিভাগীয় সমন্বয়কারী মো: আবু সাঈদ, দিনের আলো হিজড়া সংঘের সভাপতি মোহনা এবং সনাক সহ-সভাপতি রাশেদ ইবনে ওবায়েদ রিপন। বক্তারা মানববন্ধন থেকে টিআইবি’র উত্থাপিত দাবির প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেন।
কার্যকর পদক্ষেপ গ্রহণে টিআইবি কর্তৃক সংশ্লিষ্ট অংশীজনের বিবেচনার জন্য উত্থাপিত গুরুত্বপূর্ণ দাবিসমূহ হলো- (১) শিশুশ্রম নিরসনে জাতীয় কর্মপরিকল্পনা দ্রুত হালনাগাদ করতে হবে, যেখানে বর্জ্য ব্যবস্থাপনা খাতে শিশুশ্রম নিরসনের সুনির্দিষ্ট পদক্ষেপ অন্তর্ভুক্ত থাকবে; পাশাপাশি এ খাতের শিশু শ্রমিকদের আর্থ-সামাজিক অবস্থা মূল্যায়ন সাপেক্ষে বিকল্প কর্মকৌশল প্রণয়ন ও বাস্তবায়ন করতে হবে; (২) ইতিমধ্যে স্বাস্থ্যঝুঁকিতে পড়া শিশুদের স্বাস্থ্য সুরক্ষার কৌশল নির্ধারণে বর্জ্য ব্যবস্থাপনা খাতে শিশুশ্রমের সঠিক ও নির্ভরযোগ্য তথ্য-উপাত্ত সংগ্রহ ও প্রকাশ করতে হবে; (৩) বর্জ্য পুনঃপ্রক্রিয়াজাতকরণকে শিশুদের জন্য নিষিদ্ধ ঝুঁকিপূর্ণ কাজের তালিকায় যুক্ত করতে হবে; এবং অপ্রাতিষ্ঠানিক পুনঃপ্রক্রিয়াজাতকরণ কার্যক্রম তদারকির জন্য কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের সক্ষমতা বাড়াতে হবে;
(৪) বর্জ্য সংগ্রহে শিশুশ্রমের বিষয়টি নজরদারির জন্য সিটি কর্পোরেশন ও পৌরসভাকে ক্ষমতায়ন ও ওয়ার্ড-ভিত্তিক তদারকির ব্যবস্থা করতে হবে; এবং শিশু শ্রমের ক্ষতিকর দিকগুলো নিয়ে ওয়ার্ডের বাসিন্দাদের নিয়ে সচেতনতামূলক প্রচারণা চালাতে হবে; (৫) যেকোনো নাগরিক ও বর্জ্য ব্যবস্থাপনা কর্মী যাতে বর্জ্য ব্যবস্থাপনা খাতে শিশুশ্রমের যেকোনো ঘটনা সরাসরি জানাতে পারেন তার জন্য আলাদা একটি হটলাইন চালু করতে হবে; (৬) বর্জ্য ব্যবস্থাপনা খাতে মর্যাদাপূর্ণ কর্মক্ষেত্র ও শ্রম অধিকার প্রতিষ্ঠা এবং শিশুশ্রম নির্মূলে শ্রম আইন, ২০০৬ প্রয়োগ করতে হবে; এবং (৭) বর্জ্য ব্যবস্থাপনা খাতে শিশুশ্রম সম্পূর্ণরূপে নির্মূল করার লক্ষ্যে জনগণকে সচেতন করতে ব্যাপকভাবে প্রচারণা কার্যক্রম গ্রহণ করতে হবে।
আধা-ঘণ্টাব্যাপী চলমান মানববন্ধন কর্মসূচি থেকে জনসচেতনতা বৃদ্ধির জন্য সাধারণ জনগণের মধ্যে দিবসের ধারণাপত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানটি সার্বিকভাবে পরিচালনা করেন টিআইবি, রাজশাহী’র এরিয়া কোঅর্ডিনেটর মো: মনিরুল হক।