শনিবার, আগস্ট ২২, ২০২৬

পদ্মায় বালুমহালের নিয়ন্ত্রণ নিয়ে গুলি : একজন নিহত

ঈশ্বরদী প্রতিনিধি ১৬ জুন ২০২৬ ১০:৫৩ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
ঈশ্বরদী প্রতিনিধি ১৬ জুন ২০২৬ ১০:৫৩ অপরাহ্ন
পদ্মায় বালুমহালের নিয়ন্ত্রণ নিয়ে গুলি : একজন নিহত

পদ্মা নদীর বালুমহালের নিয়ন্ত্রণ নিয়ে ফের কাকন বাহিনী ও বেলাল বাহিনীর মধ্যে গুলিবর্ষণের ঘটনায় একজন নিহত হয়েছেন। মঙ্গলবার (১৬ জুন) পাবনার ঈশ্বরদী, নাটোরের লালপুর ও কুষ্টিয়ার ভেড়ামারার সীমান্ত পদ্মা নদীর রায়টা পানের বরজ এলাকায় এ ঘটনা ঘটে। এতে বেলাল বাহিনীর লোকজনের গুলিতে কাকন বাহিনীর বালু পয়েন্টের দায়িত্বে থাকা সাহাবুল হোসেন (৪৫) নামের একজন নিহত হয় বলে কাকন বাহিনীর সদস্যরা দাবি করেছেন।


সাহাবুল ঈশ্বরদী পৌর এলাকার সাঁড়াগোপালপুর গ্রামের ইনু প্রামানিকের ছেলে। সে কাকন বাহিনীর বালু পয়েন্টের পাহারায় ছিল। খবর পেয়ে ঈশ্বরদীর লক্ষ্মীকুন্ডা নৌ পুলিশ সাহাবুলের মরদেহ উদ্ধার করেছে। লক্ষ্মীকুন্ডা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক খন্দকার শফিকুল ইসলাম এ ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তবে তিনি পাবনা জেলা প্রশাসকের মতবিনিময়ে থাকার কারণে বিস্তারিত পরে জানাবেন বলে জানান। 


ঈশ্বরদী থানার পরিদর্শক (তদন্ত) জামাল উদ্দিন বলেন, ঘটনাস্থল থেকে নৌ পুলিশ সদস্যরা নিহতের লাশ উদ্ধার করেছে। সুরতহাল রিপোর্ট তৈরি ও ময়না তদন্ত শেষে নিহত সাহাবুলের মরদেহ তার পরিবারের নিকট হস্তান্তর করা হবে। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। মামলার বিষয়টিও এখনো প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায় পুলিশ।


জানা গেছে, এক সপ্তাহ আগেও পদ্মা নদীর বালু মহালের নিয়ন্ত্রণ নিয়ে মঙ্গলবার (৯ জুন) পদ্মা নদীতে বেলাল বাহিনী ও কাকন বাহিনীর মধ্যে গোলাগুলির ঘটনায় আজিজুল হক নামে কাকন বাহিনীর আরো এক সদস্য নিহত হয়।


পুলিশ জানায়, পদ্মা নদীর তিন জেলার সীমান্ত এলাকায় বালু মহালের নিয়ন্ত্রণ নিয়ে কাকন ও বেলাল বাহিনীর মধ্যে এর আগেও একাধিকবার গোলাগুলি ও সংঘর্ষের ঘটনায় কয়েকজনের প্রাণহানি ঘটেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত পদ্মা নদীর বিভিন্ন প্রান্তে নৌ পুলিশ বাড়তি টহলের ব্যবস্থা করেছে বলে লক্ষ্মীকুন্ডা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক খন্দকার শফিকুল ইসলাম নিশ্চিত করেছেন।