রবিবার, জুন ২১, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে ৭০ লাখ টাকার ভারতীয় মাদক জব্দ, আটক ২

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ১৭ জুন ২০২৬ ১০:৫৩ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ১৭ জুন ২০২৬ ১০:৫৩ অপরাহ্ন
চাঁপাইনবাবগঞ্জে ৭০ লাখ টাকার ভারতীয় মাদক জব্দ, আটক ২

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ ও খাসেরহাট সীমান্ত এলাকায় পৃথক দুটি অভিযানে প্রায় ৭০ লাখ ৩৫ হাজার টাকা মূল্যের ভারতীয় নেশাজাতীয় সিরাপ, ইয়াবা, একটি ট্রাক ও দুটি মোবাইল ফোন জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় দুইজনকে আটক করা হয়েছে।


বুধবার (১৭ জুন) সকালে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। মঙ্গলবার (১৬ জুন) রাতে শিবগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব মাদক উদ্ধার করা হয়।


আটকরা হলেন, কুমিল্লার লাকসাম উপজেলার পাশাপুর গ্রামের মো. আলমগীর হোসেনের ছেলে মো. রিয়াদ হোসেন (২০) এবং শিবগঞ্জ উপজেলার জমিনপুর গ্রামের মামলত আলীর ছেলে মো. নাঈম ইসলাম (১৮)।


বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাত ১০টার দিকে সোনামসজিদ বিওপির একটি টহল দল সীমান্ত পিলার ১৮৫/১৫-এস থেকে প্রায় ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের বালিয়াদিঘী এলাকায় প্রাণিসম্পদ কোয়ারেন্টাইনের পাশের সড়কে একটি বাংলাদেশি ট্রাকে তল্লাশি চালায়।


তল্লাশিকালে ট্রাকে থাকা সাতটি প্লাস্টিকের বস্তা থেকে ফেনসিডিলের বিকল্প হিসেবে ব্যবহৃত ভারতীয় ২ হাজার ৮৫ বোতল নেশাজাতীয় ‘স্কুফ’ (এসকাপ) সিরাপ উদ্ধার করা হয়। এ সময় ট্রাকের চালক রিয়াদ হোসেনকে আটক করা হয়। এছাড়া ট্রাকটি ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।


বিজিবির তথ্য অনুযায়ী, জব্দ করা সিরাপের আনুমানিক বাজারমূল্য ৬৮ লাখ ৩৪ হাজার ৫০০ টাকা।


এর আগে একই রাতে রাত সাড়ে ৯টার দিকে চৌকা বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ১৭৭/৩-এস থেকে প্রায় চার কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের খাসেরহাট এলাকায় অভিযান পরিচালনা করে।


এ সময় নাঈম ইসলাম নামে এক যুবককে আটক করা হয়। তার কাছ থেকে ৫৮৫ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট এবং একটি মোবাইল ফোন জব্দ করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ ৫০০ টাকা।


বিজিবি জানায়, পৃথক দুটি অভিযানে জব্দ হওয়া নেশাজাতীয় সিরাপ, ইয়াবা, ট্রাক ও দুটি মোবাইল ফোনের মোট সিজার মূল্য প্রায় ৭০ লাখ ৩৫ হাজার টাকা।


মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত পৃথক দুটি অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। বিজিবি সীমান্ত এলাকায় সকল ধরনের চোরাচালান প্রতিরোধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদারভাবে অব্যাহত থাকবে।


তিনি আরও জানান, আটক দুই আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শিবগঞ্জ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। একই সঙ্গে জব্দ করা মাদকদ্রব্য, ট্রাক ও অন্যান্য আলামত থানায় হস্তান্তরের প্রক্রিয়াও চলমান রয়েছে।


সীমান্ত দিয়ে মাদক ও অন্যান্য চোরাচালান প্রতিরোধে মহানন্দা ব্যাটালিয়ন নিয়মিত টহল ও গোয়েন্দা নজরদারি অব্যাহত রেখেছে বলেও জানিয়েছে বিজিবি।