রবিবার, জুন ২১, ২০২৬

ঈশ্বরদী সরকারি কলেজে পরীক্ষার হলেই টিকটক! সমালোচনার ঝড়

ঈশ্বরদী প্রতিনিধি ১৮ জুন ২০২৬ ০৯:৫৮ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
ঈশ্বরদী প্রতিনিধি ১৮ জুন ২০২৬ ০৯:৫৮ অপরাহ্ন
ঈশ্বরদী সরকারি কলেজে পরীক্ষার হলেই টিকটক! সমালোচনার ঝড়

ঈশ্বরদী সরকারি কলেজ-এ চলমান একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষা চলাকালে পরীক্ষার হলের একটি টিকটক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) ভাইরাল হওয়া ভিডিওটিকে কেন্দ্র করে শিক্ষার্থী, অভিভাবক ও সচেতন মহলে পরীক্ষার পরিবেশ এবং তদারকি ব্যবস্থা নিয়ে নানা প্রশ্ন উঠেছে।


সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া টিকটক ভিডিওতে দেখা যায়, পরীক্ষার কক্ষে দায়িত্বপ্রাপ্ত এক শিক্ষক দরজা দিয়ে বাইরে চলে যাচ্ছেন। এ সময় কক্ষের সামনের সারিতে বসা এক শিক্ষার্থী তার মোবাইল ফোনে ভিডিও ধারণ করছে। ভিডিওতে আরও দেখা যায়, কয়েকজন পরীক্ষার্থী নিজেদের মধ্যে কথা বলছেন, কেউ অন্যের খাতা দেখে লিখছেন এবং কেউ মুঠোফোন ফোন ব্যবহার করছেন।


এ দৃশ্য নিয়ে তৈরি করা টিকটক ভিডিও দেখে অনেকেই বিস্ময় প্রকাশ করে প্রশ্ন তুলেছেন, একটি সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ পরীক্ষার হলে কীভাবে মোবাইল ফোন প্রবেশ করল এবং ভিডিও ধারণের সুযোগ তৈরি হলো। তাদের মতে, পরীক্ষার হলে কঠোর নজরদারি ও দায়িত্বশীল তদারকি থাকলে এমন পরিস্থিতি সৃষ্টি হওয়ার কথা নয়।


সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে নানা প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই পরীক্ষার শৃঙ্খলা রক্ষায় সংশ্লিষ্টদের আরও সতর্ক ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন। কেউ কেউ এটিকে দায়িত্বে অবহেলার ফল বলেও মন্তব্য করেছেন।


আজিজুর রহমান নামের এক অভিভাবক বলেন, ঘটনাটি তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং পরীক্ষার হলে কঠোর তদারকি নিশ্চিত করা উচিৎ। এধরনের দাবি জানিয়েছেন অভিভাবক ও সচেতন নাগরিকরাও। তাদের মতে, শিক্ষাপ্রতিষ্ঠানে শৃঙ্খলা ও পরীক্ষার স্বচ্ছতা বজায় রাখতে এ ধরনের ঘটনার সুষ্ঠু তদন্ত ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করা জরুরি।


ঈশ্বরদী সরকারি কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক অধ্যাপক উদয় নাথ লাহিড়ী বলেন, পরীক্ষা চলাকালে এ ধরনের ঘটনা শিক্ষা ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করার শামিল।


এ বিষয়ে ঈশ্বরদী সরকারি কলেজের অধ্যক্ষ মো. আমজাদ  হোসেন বলেন, কলেজ কক্ষে ধারণ করা ওই টিকটক ভিডিওটি আমিও সামাজিক যোগাযোগমাধ্যমে দেখেছি। বর্তমানে একটি কাজে জাতীয় বিশ্ববিদ্যালয়ে এসেছি। আমাদের কলেজে শিক্ষক সংকট থাকায় প্রতিটি পরীক্ষার কক্ষে দুইজন করে শিক্ষক দেওয়া সম্ভব হয়নি। এ কারণে কয়েকটি কক্ষে একজন শিক্ষক দায়িত্ব পালন করেছেন। যে শিক্ষার্থী ভিডিওটি ধারণ করেছে তাকে ডেকেছি। তার সঙ্গে কথা বলে কেন এমন ঘটনা ঘটেছে তার বিস্তারিত জানা যাবে, ।


তবে এ ঘটনায় কোনো প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে কি না এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি উত্তর দেওয়ার আগেই মোবাইল ফোনের সংযোগ বিচ্ছিন্ন করেন। পরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়।