রবিবার, জুন ২১, ২০২৬

সিংড়ায় অধ্যক্ষের ব্যতিক্রমী উদ্যোগ, নিজ অর্থায়নে শিক্ষার্থীদের ইউনিফর্ম উপহার

সিংড়া প্রতিনিধি ১৮ জুন ২০২৬ ১০:১২ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সিংড়া প্রতিনিধি ১৮ জুন ২০২৬ ১০:১২ অপরাহ্ন
সিংড়ায় অধ্যক্ষের ব্যতিক্রমী উদ্যোগ, নিজ অর্থায়নে শিক্ষার্থীদের ইউনিফর্ম উপহার

সরকারি বা প্রাতিষ্ঠানিক কোনো তহবিল ছাড়াই সম্পূর্ণ ব্যক্তিগত অর্থায়নে বিদ্যালয়ের সকল শিক্ষার্থীকে স্কুল ইউনিফর্ম উপহার দিয়েছেন নাটোরের সিংড়া উপজেলার বাহাদুরপুর কারিগরি স্কুল এ্যান্ড কলেজের অধ্যক্ষ শেখ মোঃ রকিবুল ইসলাম।

বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে এসআরআই ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আয়োজনে বাহাদুরপুর কারিগরি স্কুল এ্যান্ড কলেজ প্রাঙ্গণে এক অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের হাতে এই পোশাক তুলে দেওয়া হয়। একই সঙ্গে পরিবেশ সুরক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় প্রত্যেক শিক্ষার্থীকে একটি করে গাছের চারা উপহার দেওয়া হয়েছে।

অধ্যক্ষ শেখ মোঃ রকিবুল ইসলাম বলেন, আজকের এই আয়োজন আমার শিক্ষার্থীদের জন্য কোনো করুণা নয়, তাদের অধিকার নিশ্চিত করার একটি ক্ষুদ্র প্রয়াস। একটি উন্নয়নকামী ও সাম্যবাদী সমাজ বিনির্মাণে এবং ‘সবার জন্য মানসম্মত ও বৈষম্যহীন শিক্ষা’ নিশ্চিত করতে প্রাতিষ্ঠানিক শৃঙ্খলার বিকল্প নেই। অর্থাভাব যেন কোনো শিক্ষার্থীর শিক্ষা জীবনের প্রতিবন্ধক না হয় এবং পোশাকি বৈষম্য ভুলে প্রতিটি সন্তান যেন একই সমান্তরালে দাঁড়িয়ে শিক্ষার আলো গ্রহণ করতে পারে, সেই তাগিদ থেকেই আমার এই ব্যক্তিগত উদ্যোগ।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কমনওয়েলথ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের ভিপি ও এসআরআই ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান শেখ রিফাদ মাহমুদ।

এসময় উপস্থিত ছিলেন, চামারী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শেখ মো. রাশিদুল ইসলাম, চামারী ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মো. আল আমিন মৃধা (সাজু), ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মো. মাসুদ রানা প্রমুখ।