কবি সুফিয়া কামালের ১১৫ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
‘নারীর প্রতি বিরাজমান ঘৃণা, বিদ্বেষ ও সহিংসতা নিরসনে সুফিয়া কামালের আলোয় পথচলা’-এই শ্লোগানকে সামনে রেখে শনিবার (২০ জুন) বাংলাদেশ মহিলা পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি নারীমুক্তি, মানবমুক্তি এবং গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক, সামাজিক ও সাংস্কৃতিক আন্দোলনের পুরোধা ব্যক্তিত্ব জননী সাহসিকা কবি সুফিয়া কামালের ১১৫ তম জন্মবার্ষিকী। এ উপলক্ষে বাংলাদেশ মহিলা পরিষদ রাজশাহী জেলা শাখার নিজস্ব কার্যালয়ে বিকাল ৫টায় এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এই সভা সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি কল্পনা রায়। অনুষ্ঠানটি পরিচালনায় ছিলেন সাংগঠনিক সম্পাদক আলিমা খাতুন।
সভার শুরুতে তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে মোমবাতি প্রজ্জলন, ছবিতে ফুলের মালা দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয় এবং ১ মিনিট নিরবতা পালন করা হয়।
অন্যান্যদের মধ্যে আলোচনা করেন অ্যাড. শামসুন্নাহার মুক্তি, সহ-সাধারণ সম্পাদক নিলুফার আহমেদ, প্রশিক্ষণ সম্পাদক সেলিনা বানু, লিগ্যাল এইড সম্পাদক শিখা রায়, প্রচার সম্পাদ আফরোজা খান হেলেন, কার্যকরী কমিটির সদস্য তাহেরা খাতুন, রেহেনা আলী প্রমূখ।
বক্তারা এই সভায় জননী সাহসিকা কবি সুফিয়া কামালের জীবনী নিয়ে আলোচনা করেন, বর্তমান প্রেক্ষপট নিয়ে আলোচনা করতে গিয়ে বক্তারা বলেন, কোন পথে গেলে নারী সমাজ এগিয়ে যাবে। এবং এই নারী জাতি মাথা উচুঁ করে দাড়াঁবে। এই সমাজে শিশু এবং নারী যেন নিরাপদে থাকে সেই পরিবেশ সৃষ্টি হোক, সকল মা যেন তার সন্তানদের নিরাপদে রাখতে পারে। সকল নারীদেরকে সচেতন থাকতে হবে। আজ কবি সুফিয়া কামালকে অনুসরণ করে নারী মুক্তির জন্য নারীদের এগিয়ে যেতে হবে। পরিবার থেকে নারী মুক্তির জায়গাটা তৈরী করে যেতে হবে।