দুর্গাপুরে সেচ কাজে সংযোগকালে বিদ্যুৎস্পৃষ্টে এক ব্যক্তির মৃত্যু
রাজশাহী দুর্গাপুরে বৈদ্যুতিক লাইনে সেচ পাম্পে বৈদ্যুতিক সংযোগ দেয়ার সময় এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে।
ঘটনাটি ঘটেছে রোববার (২১ জুন) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার যুগিশো গ্রামের আংরার বিলে। নিহত ব্যক্তির নাম জাহাঙ্গীর আলম (৩৫)। তিনি একই গ্রামের রইস উদ্দিন এর ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, যুগিশো আংরার বিলে শত-শত পুকুর রয়েছে। এই পুকুরগুলোতে পানি সেচ কাজে ব্যবহৃত হয় বিদ্যুৎ। আর এই বিদ্যুৎ একাধিক পুকুরে একটি ডফ তারের মাধ্যমে সংযোগ স্থাপন করা হয়েছে। যেখানে কোন বৈদ্যুতিক খুঁটি নেই। ঝুঁকিপূর্ণভাবেই এই সংযোগগুলো দেয়া হয়েছে। অধিকাংশ পুকুরেই বিদ্যুৎ সংযোগ ক্ষেত্রে ব্যবহার করা হয়নি মিটার বোর্ড। যে যার মত এলোমেলো ভাবেই সংযোগ নিয়েছে। রোববার (২১ জুন) সকালে যুগিশো গ্রামের জাহাঙ্গীর আলম আংরার বিলে অবস্থিত বখতিয়ারপুর গ্রামের শরীফের পুকুরে সেচ কাজে যান।
এ সময় সেচ কাজে ব্যবহৃত বৈদ্যুতিক মটর সংযোগ স্থাপনের সময় বৈদ্যুতিক তারের লিকেজ থেকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মুহূর্তের মধ্যেই তারে জড়িয়ে পড়ে পুকুর পাড়ে মারা যান। এ সময় স্থানীয়রা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশের সহযোগিতায় লাশটি উদ্ধার করে। স্থানীয়দের দাবি অবৈধ বৈদ্যুৎতিক ডফ তারের মাধ্যমে এ সংযোগ নেয়ায় এমন দুর্ঘটনার শিকার হতে হয়েছে।
নিহত জাহাঙ্গীরের পিতা রইস উদ্দিন জানান, তার ছেলে একজন দিনমজুর যে যেখানে ডাকে সে সেখানে গিয়ে কাজ করে। রোববার শরিফের পুকুরে কাজে যায় তার ছেলে। সেচ কাজের সময় মোটারে সংযোগ স্থাপনের সময় বৈদ্যুতিক তারে জড়িয়ে পড়ে তার ছেলের মৃত্যু হয়। তার ছেলের দুইটি সন্তানও রয়েছে, এমন ঘটনায় তার পরিবারের একমাত্র উপার্জনক্ষম ছেলেটিকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন। তিনি এর সুষ্ঠু তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
এদিকে এবিষয়ে জানতে দুর্গাপুর জোনাল অফিসের ডিজিএম-এর সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তাকে ফোনে পাওয়া যায়নি।
এবিষয়ে দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) পঞ্চনন্দ সরকার জানান, আংরার বিলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজন মারা গেছে। তদন্তপুর্বক ব্যবস্থা গ্রহন করা হবে।