শনিবার, আগস্ট ২২, ২০২৬

নিষিদ্ধ সংগঠনের নৈরাজ্যের প্রতিবাদে রাবি ছাত্রদলের প্রতিরোধ মিছিল

রাবি প্রতিবেদক ২২ জুন ২০২৬ ০৯:৪৫ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
রাবি প্রতিবেদক ২২ জুন ২০২৬ ০৯:৪৫ অপরাহ্ন
নিষিদ্ধ সংগঠনের নৈরাজ্যের প্রতিবাদে রাবি ছাত্রদলের প্রতিরোধ মিছিল

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের দেশব্যাপী নৈরাজ্য ও অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে প্রতিবাদ ও প্রতিরোধ মিছিল করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রদল।


সোমবার (২২ জুন) দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরের পিছনে অবস্থিত ছাত্রদলের দলীয় টেন্ট থেকে মিছিলটি শুরু হয়। রবীন্দ্র ভবনের সামনে দিয়ে প্যারিস রোড হয়ে বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্ত্বরে গিয়ে শেষ হয় এটি। 


মিছিলে ‘ছাত্রলীগের আস্তানা, ভেঙে দাও গুড়িয়ে দাও’, ‘রক্তের বন্যায়, ভেসে যাবে অন্যায়’, ‘ছাত্রলীগ বাড়িস না, পীঠের চামড়া থাকবে না’, ‘খুনী হাসিনার আস্তানা, ভেঙে দাও গুড়িয়ে দাও’, ‘ধর ধর ধর কুত্তা ধর, ধরে ধরে জেলে ভর’, ‘আপা আপা করিস না, পীঠের চামড়া থাকবে না’, ‘ভারতের দালালেরা হুশিয়ার সাবধান’, ‘পাক ভারতের দালালেরা হুশিয়ার সাবধান’, ‘দিল্লি নয় পিন্ডি নয় সবার আগে বাংলাদেশ’-সহ বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়।


মিছিল শেষে রাবি শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিষিদ্ধ ঘোষিত কোনো সংগঠনের নেতাকর্মীদের কার্যক্রম বা ক্লাসে উপস্থিতি মেনে নেওয়া হবে না। ভবিষ্যতে দেশে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমের সুযোগ থাকা উচিত নয় বলে তাদের রাজনৈতিক অবস্থান।


রাবি শাখা ছাত্রদলের সহ-সভাপতি মির্জা হাসান খান বলেন, গত ১৭ বছরে আওয়ামী লীগ সরকারের সময়ে দেশে মানুষের মৌলিক অধিকার ক্ষুন্ন হয়েছে। এ সময় গুম, খুন ও রাজনৈতিক দমন-পীড়নের ঘটনা ঘটেছে এবং এসব ঘটনার সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনতে হবে। বিগত সময়ের অন্যায়, নির্যাতন ও হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে।


প্রতিরোধ মিছিলে রাবি শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক সর্দার জহুরুল ইসলাম, সহ-সভাপতি শাকিলুর রহমান সোহাগ, মেহেদী হাসান, জান্নাতুল নাঈম তুহিনা, শরিফ মাহমুদ, যুগ্ম-সাধারণ সম্পাদক এম এ তাহের রহমান, জাহিন বিশ্বাস এষা, মোছা. স্বপ্না আক্তার, সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান মিঠু, দপ্তর সম্পাদক নাফিউল ইসলাম জীবন-সহ বিভিন্ন পর্যায়ের অর্ধ-শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।