ঈশ্বরদীতে আ‘লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বিএনপির বিবদমান দুই পক্ষের বিক্ষোভ
পাবনার ঈশ্বরদীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে অরাজকতা, নৈরাজ্য ও বিশৃঙ্খলা প্রতিরোধের দাবিতে সতর্ক অবস্থান কর্মসূচি, বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে বিএনপির বিবদমান দুটি গ্রুপ।
মঙ্গলবার (২৩ জুন) সকাল থেকে বিকেল পর্যন্ত শহরের পোস্ট অফিস মোড় ও রেলগেটস্থ কেন্দ্রীয় বাসটার্মিনাল এলাকায় পৃথকভাবে এ কর্মসূচি পালিত হয়। স্থানীয় বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা দুই ভাগে বিভক্ত হয়ে আলাদা আলাদা বিক্ষোভ মিছিল ও পথসভা করেন। পৃথক কর্মসূচিতে উপজেলা, পৌর ও ইউনিয়নের বিভিন্ন সংগঠনের যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, কৃষক দল ও শ্রমিক দলের নেতা কর্মীরা অংশ গ্রহণ করেন।
বিবদমান বিএনপির দুই গ্রুপের একাংশের নতৃত্বে ছিলেন এবারের জাতীয় সংসদ নির্বাচনে ধানের শিষ প্রতীকের প্রার্থী ও পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব। অপর পক্ষে ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ঈশ্বরদী উপজেলা ও পৌর শাখার ব্যানারে জেলা বিএনপির সাবেক যুগ্মসম্পাদক বিএনপির বিদ্রোহী এমপি প্রার্থী জাকারিয়া পিন্টু-সমর্থিত নেতা কর্মীরা। জাকারিয়া পিন্টুর অনুসারীদের কর্মসূচিতে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইসলাম হোসেন জুয়েল, শিল্প ও বণিক সমিতির সভাপতি নান্নু রহমান, সহসভাপতি আনোয়ার হোসেন জনি, পৌর যুবদলের সাবেক আহ্বায়ক জাকির হোসেন জুয়েল, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাহমুদুর রহমান জুয়েল এবং পৌর ছাত্রদলের সাবেক সভাপতি খোন্দকার তৌফিক আলম সোহেলসহ দলীয় একাংশের নেতা কর্মীরা।
এদিকে শহরের পোস্ট অফিস মোড়ে অনুষ্ঠিত হাবিবুর রহমান হাবিবের নেতৃত্বাধীন কর্মসূচিতে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র মকলেছুর রহমান বাবলু, সাবেক যুগ্ম সম্পাদক আতাউর রহমান পাতা, সাংগঠনিক সম্পাদক আজমল হোসেন ডাবলু, তুহিন চৌধুরী, সাবেক ছাত্রদল নেতা খোরশেদ আলম দিপু, সাঈফ হাসান সেলিম, মিজানুর রহমান মিজানসহ দলের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
কর্মসূচি চলাকালে দুই পক্ষের নেতা কর্মীরা নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। বক্তারা বলেন, আওয়ামী লীগের অপতৎপরতারোধ ও জননিরাপত্তায় তারা সব সময় রাজপথে থাকবেন। তারা আরও বলেন, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনগণের জানমাল রক্ষায় বিএনপি নেতা কর্মীরা আগেও রাজপথে ছিলো, বর্তমানেও দায়িত্ব পালনে তৎপর থাকবেন।
প্রসঙ্গত: এবারের জাতীয় সংসদ নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করায় বিএনপির একাংশের নেতৃত্বে থাকা জাকারিয়া পিন্টু তার দুই ভাই পৌর যুবদলের সাবেক আহবায়ক জাকির হোসেন জুয়েল ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব মেহেদী হাসানসহ স্থানীয় বিএনপির কয়েকজনকে কেন্দ্রীয় আদেশে বহিষ্কার করা হয়। এ অবস্থার প্রেক্ষিতে ঈশ্বরদীতে বিএনপির বিবদমান দুই পক্ষ দলীয় সব কার্যক্রম আলাদা আয়োজনে পালন করে।